বচ্চন পরিবারের সদস্য হয়েও বলিউডে আসেননি নব্যা নভেলি নন্দা। কেন অভিনয়ের বদলে ব্যবসার জগৎ বেছে নিলেন?

নব্যা নভেলি নন্দা
শেষ আপডেট: 19 February 2026 13:40
দ্য ওয়াল ব্যুরো: বচ্চন পরিবারের উত্তরাধিকার মানেই যেন বলিউডের রুপোলি পর্দা— এমনটাই মনে করেন অনেকেই। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan), অভিষেক বচ্চন (Abhishek Bachchan ) থেকে ঐশ্বর্যা রাই বচ্চন— পরিবারের একাধিক সদস্যই অভিনয়ের জগতে প্রতিষ্ঠিত। কিন্তু এই ধারার ব্যতিক্রম নব্যা নভেলি নন্দা। গ্ল্যামারের দুনিয়া হাতছানি দিলেও তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন পথ, ব্যবসা। সম্প্রতি নিজেই সেই সিদ্ধান্তের কারণ খোলসা করেছেন নব্যা।
অনেকের ধারণা ছিল, হয়তো পরিবারের তরফে অভিনয়ে আসার ক্ষেত্রে কোনও বাধা ছিল। তবে নব্যা স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি মোটেই তা নয়। তাঁর কথায়, পরিবার কখনও তাঁকে কোনও নির্দিষ্ট পথে হাঁটার জন্য চাপ দেয়নি। তিনি বলেন, পরিবার যেমন তাঁকে অভিনয় করতেই হবে বলে বাধ্য করেনি, তেমনই অভিনয়ে আসা থেকেও বিরত রাখেনি। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সবসময়ই তাঁর ছিল।
নব্যা জানিয়েছেন, অভিনয়ের চেয়ে তাঁর আগ্রহ বেশি ছিল পারিবারিক ব্যবসার প্রতি। তাঁর বাবা নিখিল নন্দার পারিবারিক সংস্থা এসকর্টস গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাই তাঁকে এই পথে নিয়ে আসে। ছোটবেলা থেকেই বাবাকে কাজ করতে দেখে বড় হয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়েছে, উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় তৈরি করাই তাঁর জন্য বেশি উপযুক্ত।
বলিউডে না এলেও নব্যা নিজের কাজের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি ‘আরা হেলথ’ নামে একটি স্বাস্থ্য সচেতনতা উদ্যোগের প্রতিষ্ঠাতা। পাশাপাশি তাঁর পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নব্যা’ও যথেষ্ট জনপ্রিয়। তাঁর বিশ্বাস, অভিনয়ই একজন নারীর একমাত্র পরিচয়ের পথ নয়। নব্যার কথায়, তিনি তাঁর বর্তমান কাজ নিয়ে সন্তুষ্ট এবং অভিনয়ের প্রতি তাঁর সেই গভীর আবেগ কোনওদিনই ছিল না, যা একজন পেশাদার অভিনেতার জন্য প্রয়োজন।
নব্যার এই সিদ্ধান্তে পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। বিশেষ করে তাঁর দাদু অমিতাভ বচ্চন সবসময় তাঁকে উৎসাহ দেন এবং তাঁর কাজের প্রশংসা করেন। বলিউড থেকে দূরে থেকেও নব্যা আজ একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে, বচ্চন পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন তাঁর ভাই Agastya Nanda। তিনি ইতিমধ্যেই ‘দ্য আর্চিজ’ এবং চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ইক্কিস’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছেন। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন Dharmendra-র নাতনি এবং Akshay Kumar-এর ভাগ্নি সিমর ভাটিয়াও।