প্রায় ৯ কোটি টাকার আর্থিক সঙ্কটে জর্জরিত এই অভিনেতার জেল হেফাজতের খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতের একাধিক সহকর্মী তাঁর পাশে দাঁড়ান। জামিনে মুক্ত হয়েই সকলকে কৃতজ্ঞতা জানান তিনি।
.jpeg.webp)
শেষ আপডেট: 19 February 2026 12:33
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav) সম্প্রতি অন্তর্বর্তীকালীন জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। চেক-বাউন্স মামলায় তাঁর ঠাঁই হয়েছিল তিহাড় (Tihar Jail) জেলে। প্রায় ৯ কোটি টাকার আর্থিক সঙ্কটে জর্জরিত এই অভিনেতার জেল হেফাজতের খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতের একাধিক সহকর্মী তাঁর পাশে দাঁড়ান। জামিনে মুক্ত হয়েই সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। তবে জেলের পরিস্থিতি নিয়েও মুখ খুলতে ভুললেন না অভিনেতা। নাহ, তিনি কোনও স্পেশ্যাল ট্রিটমেন্ট পাননি। তবে তা যে তিনি চাননি, সেও স্পষ্ট করে দেন। তবে অভিযোগ রয়েছে একটা বিষয় নিয়ে।
জেলে ধূমপান কক্ষের দাবি?
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-র প্রতিবেদন অনুযায়ী, রাজপাল জানিয়েছেন— রেলস্টেশন বা বিমানবন্দরের মতো কারাগারেও নির্দিষ্ট ধূমপান কক্ষ থাকা উচিত। তাঁর মতে, জেল শুধু শাস্তির জায়গা নয়; বরং সেটিকে সংশোধনাগার হিসেবে দেখা প্রয়োজন। যেখানে বন্দিরা নিজেদের বদলে নেওয়ার সুযোগ পাবেন। তবে যাঁরা সংশোধনের পথে হাঁটতে চান না, তাঁদের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ হওয়াই উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।
অভিনেতা আরও জানান, বাড়িতে পারিবারিক বিয়ের অনুষ্ঠান থাকায় আপাতত তিনি সংবাদমাধ্যমের সঙ্গে বিস্তারে কথা বলবেন না। অনুষ্ঠান শেষ হলে তিনি প্রকাশ্যে নিজের মতামত রাখবেন।
চেক-বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। আর্থিক সঙ্কটে জর্জরিত এই অভিনেতাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁর এক মন্তব্যকে কেন্দ্র করে।
বর্তমানে জামিনে রাজপাল
প্রসঙ্গত, ২০১০ সালে নিজের প্রযোজিত ছবি আতা পাতা লাপাতা নির্মাণের জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। প্রায় ১১ কোটি টাকার বাজেটের সেই ছবি মুক্তির পর বক্স অফিসে সাফল্য পায়নি। ঋণ শোধ করতে না পারায় তাঁর দেওয়া একাধিক চেক বাউন্স করে এবং সেই সূত্রেই মামলা দায়ের হয়। ২০১৮ সালে প্রথমবার তাঁকে কারাবাস করতে হয়। মামলাটি বিভিন্ন পর্যায়ে আদালতে ওঠানামা করার পর শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দেয়। সাম্প্রতিক শুনানির ভিত্তিতে তিনি আপাতত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত।