ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করলেও কেন প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স দেননি? প্রকাশ নিজেই জানিয়েছিলেন হেমার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল এবং কেন কখনও তাঁকে মেনে নিতে পারেননি।

ফাইল চিত্র
শেষ আপডেট: 4 December 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: ১৯৫৪ সাল। যৌবনে পা দিয়েই মা-বাবার পছন্দ মতো গ্রামের মেয়ে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। এরপর বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দিলেও, কঠিন লড়াই ও স্ট্রাগলের দিনগুলিতে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে সবসময় পাশে পেয়েছিলেন অভিনেতা। আর সেই কারণেই হয়তো হেমা মালিনীকে ভালবেসে বিয়ে করার পরও তিনি প্রকাশকে আইনি ডিভোর্স দেননি। বরং জীবনের শেষ দিন পর্যন্ত ধর্মেন্দ্র প্রকাশের সঙ্গেই ছিলেন।
অভিনেতার এই দ্বিতীয় সম্পর্কটি প্রকাশ কৌর কখনওই মেনে নিতে পারেননি। যদিও প্রকাশ প্রকাশ্যে কোনও মন্তব্য করতেন না, তবুও তিনি যে স্বামীর প্রেমিকা হেমাকে পছন্দ করতেন না, তা স্পষ্ট ছিল।
শোনা যায়, যেদিন ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করেন (১৯৮০ সালে), সেদিন থেকেই প্রকাশ কৌর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর বাড়ির বাইরে বের হবেন না। শুধু তাই নয়, প্রকাশ ধর্মেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে হেমা মালিনী যেন কখনও তাঁদের বাড়িতে পা না রাখেন। জীবনের শেষ দিন পর্যন্ত ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রীর এই সমস্ত নির্দেশ মেনে চলেছেন।
ধর্মেন্দ্রর প্রয়াণের বেশ কিছুদিন আগে এক পুরনো সাক্ষাৎকারে প্রকাশ কৌর, হেমা মালিনীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, "আমি যদি হেমার জায়গায় থাকতাম, তাহলে হেমা যা করেছে, তা কোনও দিনই করতাম না। একজন নারী হিসেবে আমি হেমার অনুভূতি বুঝতে পারি। কিন্তু আমি ধর্মেন্দ্রর স্ত্রী ও সন্তানের মা হয়ে এই সম্পর্ক কীভাবে মেনে নেব! কোনও দিনই হেমাকে মানতে পারব না তাই।" ধর্মেন্দ্র ও হেমার দুই কন্যা এষা ও অহনা।