রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে ঘিরে জোর জল্পনা। গোপন বাগদানের খবরের পর অবশেষে মুখ খুললেন রশ্মিকা। জানালেন কেন এখনই সম্পর্ক নিয়ে কিছু বলতে চান না।

রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা
শেষ আপডেট: 4 December 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: বিগত আট বছর ধরে চুটিয়ে প্রেম করছেন, অথচ সম্পর্কের কথা কখনওই স্বীকার করেননি দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। পাপারাজ্জিরা বহুবার তাঁদের একসঙ্গে ধরেছে, কখনও 'ডেট' করার সময়, আবার কখনও একই গন্তব্যের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) আলাদা ফ্রেমে।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, এই তারকাযুগল নাকি গোপনে আড়াই লাখ টাকার হীরের আংটিতে বাগদান (Engagement) সেরে ফেলেছেন। রশ্মিকার হাতে সেই উজ্জ্বল আংটির উপস্থিতি নজরও কেড়েছে।
নায়িকা তাঁর নতুন ছবির প্রচারের সময় এই বিষয়ে প্রশ্ন এড়াননি। বাগদানের প্রসঙ্গ উঠতেই একগাল হেসে রশ্মিকা কেবল বলেছিলেন, "সবাই সব জানেন দেখছি!"
যদিও রশ্মিকা সরাসরি বাগদানের খবরে সিলমোহর দেননি, তবে গুঞ্জন জোরালো যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে এই জুটি মালাবদল করবেন।
লাগাতার বিয়ে নিয়ে নানা আলোচনা চলার পর অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন রশ্মিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেন, "আমি এই নিয়ে কিছু বলতেই চাই না। আমি আমার বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না আর তা আমি অস্বীকারও করতে চাই না।"
নায়িকা আরও বলেন, "আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত, আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবে জানাব। আমার মনে হয় ততক্ষণ আমাদের সবটা ব্যক্তিগত রাখতে দিলেই ভাল। কারণ, সব মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে। আমার মনে হয় সেটাকে সম্মান জানানো উচিত।"