নয়ের দশকে বিয়ের দোরগোড়ায় পৌঁছেও কেন ভেঙে গেল অক্ষয় কুমার ও শিল্পা শেঠির সম্পর্ক?

অক্ষয় কুমার, শিল্পা শেঠি
শেষ আপডেট: 5 December 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty) একসময় ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। তবে কয়েক বছর পর এই জুটি আলাদা হয়ে যায়। সম্প্রতি অক্ষয়ের বহুদিনের সহযোগী, পরিচালক সুনীল দর্শন (Suneel Darshan) এক নতুন সাক্ষাৎকারে ফাঁস করলেন যে কেন তাঁদের বিয়ে হয়নি।
সুনীল দর্শন জানান, বিয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল এই জুটি। কিন্তু শিল্পার বাবা-মায়ের কিছু শর্ত ও দাবি ছিল, যা পূরণ না হওয়ার কারণেই সম্ভবত তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল দর্শন জানান, অক্ষয় এবং শিল্পাকে একসঙ্গে 'খুব সুন্দর জুটি' লাগতো, কিন্তু "ভাগ্যের হয়তো নিজস্ব কোনও পরিকল্পনা ছিল।"
সুনীল আরও জানান যে, তিনি একসময় শুনেছিলেন যে টুইঙ্কল খান্নার বাবা রাজেশ খান্নার ঘনিষ্ঠ একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন অক্ষয় এবং টুইঙ্কলের বিয়ে হবে। তখন তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি, কারণ তখন তাঁদের দুজনের মধ্যে কোনও সম্পর্ক ছিল না।
এরপর তিনি বলেন, "শিল্পার বাবা-মা যদি সেই শর্তগুলি না রাখতেন, তবে জীবন অন্য দিকে মোড় নিত।" শর্তগুলি ঠিক কী ছিল, সেটা জানতে চাওয়া হলে সুনীল বলেন, "বাবা-মা হিসেবে মেয়ের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন, সব কিছু নিয়েই কথা হয়েছিল। আসলে সেটা ভুল নয়।"
তিনি আর্থিক নিরাপত্তার কথা বলছেন কিনা, জিজ্ঞেস করা হলে সুনীল বলেন, "সব ধরনের নিরাপত্তা, সব বাবা-মা-ই সেটা চান। ফলে সেই সময় সব কিছু ঘেঁটে গেলেও, পরে সবাই সবটা বুঝতে পেরেছিল। যেখানে ভাগ্য সহায় হয় না, সেখানে কিছুই করার থাকে না। ওঁদের সঙ্গেও তেমনই কিছু হয়েছে।"
'এক রিশতা' ছবির শুটিংয়ের ঠিক আগে তাঁদের ব্রেকআপ হয়। সেই সময় অক্ষয় খুব মন খারাপ ছিলেন কিনা জিজ্ঞেস করা হলে সুনীল দর্শন বলেন, "তাঁর হৃদয় ভাঙেনি। আমার মনে হয়েছিল সে ঠিক আছে। সে আবার ফিরে আসছিল।" সেই সময় অক্ষয় 'ধড়কন' এবং 'হেরা ফেরি'-এর পাশাপাশি 'এক রিশতা' নিয়েও কাজ করছিলেন।