রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বর্যা রাই জানালেন কানে ভাইরাল হওয়া মা–মেয়ের করিডোর মুহূর্তের আসল কাহিনি।

ঐশ্বর্যা রাই, আরাধ্যা বচ্চন
শেষ আপডেট: 7 December 2025 14:35
দ্য ওয়াল ব্যুরো: বহু বছর ধরে বড়পর্দায় সেভাবে দেখা না গেলেও, অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের (Aishwarya Rai) প্রতি দর্শকের উৎসাহ এতটুকুও কমেনি। বরং তাঁর উপস্থিতি নিয়ে সাধারণের আগ্রহ আজও তুঙ্গে। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ঐশ্বর্যা তাঁর পা রেখেছেন মূলত আন্তর্জাতিক মঞ্চে। দেশীয় সিনেমার জগৎ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেও, আন্তর্জাতিক ইভেন্ট ও প্ল্যাটফর্মে তাঁকে দেখলেই বোঝা যায়, বিশ্বব্যাপী তাঁর তারকাখ্যাতি ঠিক কতটা!
সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে (Red Sea Film Festival) গিয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। সেখানে এক অনুষ্ঠানে তিনি মাতৃত্ব, মেয়ে আরাধ্যাকে নিয়ে কান চলচ্চিত্রে আসার কথা শেয়ার করলেন। ঐশ্বর্যা জানান, আরাধ্যা ছোটবেলা থেকেই কান চলচ্চিত্র উৎসবে তাঁর সঙ্গে যেতে যেতে বড় হয়েছে, তাই উৎসবের পরিবেশ এখন তার কাছে ঘরের মতোই হয়ে গেছে।
ঐশ্বর্যা জানান, আরাধ্যা ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে নিয়মিত কানে যাচ্ছে। ফলে উৎসবটির পরিবেশ, তাড়াহুড়ো, ব্যস্ততা সবই এখন তার কাছে খুব স্বাভাবিক। পরিচিত মানুষদের সঙ্গে দেখা হওয়া, উৎসবের গ্ল্যামার সবকিছুই উপভোগ করে আরাধ্যা।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় মা–মেয়ের করিডর দিয়ে হাঁটার ভিডিও। সেই প্রসঙ্গে ঐশ্বর্যা বলেন, এসব মুহূর্ত কখনওই সাজানো বা পরিকল্পনা করে তৈরি করা নয়। তিনি জানান, “ও তখন রূপকথার গল্প পড়ত। আমি যখন গাউন পরে রেড কার্পেটের জন্য তৈরি হতাম, ও ভাবত মা যেন রূপকথার রাজকন্যা। আমিও মজার ছলে ওর জন্য ভারতে বসেই ছোট ছোট ড্রেস বানিয়ে নিতাম। আমরা দু’জনে যেন খেলা করতাম‘ফেয়ারি টেল ড্রেস-আপ’।”
তিনি আরও বলেন, পর্দার আড়ালের আসল মুহূর্তগুলো আরও বেশি মজাদার, “আমি যখন সাজছি, তখন ও পাশে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে ‘মা দেখো!’ এসবই খুব স্বতঃস্ফূর্ত।”
ঐশ্বর্যা জানান, একদিন এমনই খেলার মুহূর্তে আরাধ্যা তাঁর হাত ধরে বাইরে বেরিয়ে আসে। “আমি হাত ছাড়িনি। ও এতখানি খুশি ছিল। মুহূর্তে দেখলাম, আমরা দু’জনই বাইরে এসে পড়েছি, আর সেই দৃশ্যই ভাইরাল হয়ে গেল!”