রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনের উত্থানের মাঝে কীভাবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন ধর্মেন্দ্র? এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন স্টারডমের চাপ, প্রতিযোগিতার দৌড় এবং ‘আনন্দ’ ছবিতে রাজেশকে নেওয়া নিয়ে নিজের কষ্টের কথা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 6 December 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) ছয় দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করেছেন। ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করা এই তারকা বলিউডে সর্বাধিক হিট ছবির রেকর্ড নিজের দখলে রেখেছিলেন। রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনের মতো দুই সুপারস্টারের উত্থানের সময়েও তাঁর জনপ্রিয়তা কখনও কমেনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে ধর্মেন্দ্র সেই পরিবর্তনশীল সময়ের অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা কথা বলেছিলেন। প্রতিযোগিতা এবং স্টারডম নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছিলেন অভিনেতা।
ধর্মেন্দ্র বলেন, "রাজেশ খান্না (Rajesh Khanna) যখন এলেন, পুরো ইন্ডাস্ট্রিতে এক নতুন ঝড় উঠল। পরে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এলেন এবং আস্তে আস্তে প্রতিযোগিতার ঝর চারদিকে ছড়িয়ে পড়ল।"
তিনি আরও বলেন, "আমিও চাইলে সহজেই সেই প্রতিযোগিতায় নামতে পারতাম, কারণ প্রায় ৩০–৩৫ বছর ধরে আমি ধারাবাহিকভাবে হিট দিচ্ছিলাম। কিন্তু আমি কোনওদিনই এই ইঁদুরদৌড়ে নামতে চাইনি।"
স্টারডম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, "মানুষ যা নিয়ে এত আলোচনা করে, সেই জনপ্রিয়তা ধরে রাখতে আসলে কত পরিশ্রম লাগে! কিন্তু এর শেষ কোথায়? আপনি যদি সমগ্র পৃথিবীও জিতে নেন, তার মানে কি এটা থেকে যাবে?”
১৯৭০-এর দশকে ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার মধ্যে দূরত্ব তৈরি হওয়ার গুজব শোনা গিয়েছিল। ২০১৯ সালে 'দ্য কপিল শর্মা শো'-তে ধর্মেন্দ্র নিজেই সেই সময়ের এক ঘটনার কথা জানান। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় যখন তাঁকে 'আনন্দ' ছবির গল্প শুনিয়েছিলেন, ধর্মেন্দ্র ভেবেছিলেন তিনিই প্রধান চরিত্রে অভিনয় করবেন।
পরে যখন তিনি জানতে পারেন, প্রধান চরিত্রে রাজেশ খান্নাকে নেওয়া হয়েছে, তখন তিনি এতটাই কষ্ট পান যে সারা রাত মাতাল অবস্থায় হৃষিকেশ মুখোপাধ্যায়কে ফোন করে কারণ জানতে চান। হৃষিকেশ বারবার তাঁকে ঘুমাতে বললেও, ধর্মেন্দ্র ফোন কেটে আবার প্রশ্ন করতেন—"আমাকে না নিয়ে তাকে নিলে কেন?"
তবে ধর্মেন্দ্র জানিয়েছিলেন, এই ঘটনা তাঁদের সম্পর্ক নষ্ট করতে পারেনি। পরে তাঁরা একসঙ্গে 'সত্যকম', 'চুপকে চুপকে' এবং 'গুড্ডি'-এর মতো কালজয়ী ছবিতে কাজ করেন। বিশেষ করে 'সত্যকম' আজও অনেকের চোখে ধর্মেন্দ্রর অন্যতম সর্বশ্রেষ্ঠ অভিনয় হিসেবে বিবেচিত হয়।