নেটফ্লিক্স সদ্য সদ্য বিশ্ব বিনোদন জগতের বিস্ময় ওয়ার্নার ব্রাদার্সের যাবতীয় কিছু ৮২.৭ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে।

এই সংযুক্তি চূড়ান্ত হয়ে গেলে নেটফ্লিক্স দর্শকরাও ওয়ার্নার ব্রাদার্স ব্যানারের সব ছবি-সিরিয়াল দেখতে পাবেন।
শেষ আপডেট: 6 December 2025 16:32
দ্য ওয়াল ব্যুরো: বাস্তবের সিংহাসন দখলের খেলা (Game of Thrones)। নেটফ্লিক্স-ভক্তদের কাছে অকাল ক্রিসমাস। নেটফ্লিক্স সদ্য সদ্য বিশ্ব বিনোদন জগতের বিস্ময় ওয়ার্নার ব্রাদার্সের যাবতীয় কিছু ৮২.৭ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে। অঙ্কের পরিমাণ ও সংস্থার নাম শুনলেই চোয়াল খুলে যাওয়ার জোগাড় হবে সকলের। ডিসকভারি (WBD) মানে ওয়েস্টেরোস, হগওয়ার্টস এবং গথাম সিটি সবকিছুই এখন নেটফ্লিক্সের ব্যানারের তলায়।
গতকাল, শুক্রবার এই ঘোষণাটি হয়েছে। নেটফ্লিক্স ও ডব্লুবিডি বিক্রির ব্যাপারের চুক্তিতে সই করে দিয়েছে। দুটি কোম্পানির বোর্ড সদস্যরা সর্বসম্মতভাবে এই চুক্তিতে সিলমোহর দিয়েছেন। এই চুক্তিতে রয়েছে- HBO, HBO Max, Warner Bros. Film and TV studios, and DC Entertainment, যা আধুনিক ইতিহাসের চলচ্চিত্র দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ পীঠস্থান, তা এখন অন্যের হাতে যাচ্ছে।
নেটফ্লিক্সের বিবৃতি অনুযায়ী, বিক্রি শর্তের মোট ইক্যুয়িটি ভ্যালু ৭২ বিলিয়ন ডলার। এন্টারপ্রাইজ মূল্য ধরা হয়েছে ৮২.৭ বিলিয়ন ডলার। কারণ এর সঙ্গে ডব্লুবিডির ঋণ সংযুক্ত করা হয়েছে। নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারপ্রতি মূল্য ধরেছে ২৭.৭৫ ডলার। যা কিনতে চাওয়া প্যারামাউন্ট স্কাইডান্স এবং কোমকাস্টের এনবিসি ইউনিভার্সালের হাঁকা দরের থেকে অনেক বেশি। এ বছরের গোড়ার দিকে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে সংযুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল।
নেটফ্লিক্সের সহ-সিইও এই সংযুক্তিকে বিশ্ব বিনোদন দুনিয়ার একটি পথনির্দেশিকা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের সর্বদা লক্ষ্য হল বিশ্বের মানুষের কাছে বিনোদন পৌঁছে দেওয়া। একসঙ্গে মিলে আমরা দর্শকদের সামনে আরও অনেক কিছু তুলে ধরতে পারব। দর্শকরা যা পছন্দ করেন এবং পরবর্তী শতকের গল্পকথার আগাম আভাস দেব। আরেক সিইও বলেন, এই অধিগ্রহণের ফলে আগামী দশকগুলিতে আরও এগিয়ে থাকা কাজ দেখাতে পারব আমরা। ডব্লুবিডির সিইও-র কথায় দুই বিবদমান দৈত্যের সৃজনশীল বন্ধুত্ব। এর ফলে সাধারণ দর্শক আরও ভাল সিনেমা-সিরিয়াল দেখার সুযোগ পাবেন। এই অধিগ্রহণ সরকারিভাবে গৃহীত হবে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পাওয়ার পর।
এই সংযুক্তি চূড়ান্ত হয়ে গেলে নেটফ্লিক্স দর্শকরাও ওয়ার্নার ব্রাদার্স ব্যানারের সব ছবি-সিরিয়াল দেখতে পাবেন। এটাই তাঁদের কাছে বড় প্রাপ্তি। এইচবিও অরিজিনালের (Game of Thrones, The Last of Us, Succession) সবগুলি সহ হ্যারি পটার, দ্য ডার্ক নাইট ও ডিসি কমিকস কালেকশন সম্প্রচারিত হবে নেটফ্লিক্সে।