সামান্থার বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নাগা চৈতন্যর পোস্ট, দিলেন আবেগঘন বার্তা।

নাগা চৈতন্য ও সামান্থা
শেষ আপডেট: 2 December 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং 'দ্য ফ্যামিলি ম্যান'-এর সহ-পরিচালক রাজ নিদিমরু (Raj Nidimoru) বিয়ে সারলেন ভূত শুদ্ধি (Bhuta Shuddhi Vivaha) মতে। কোয়েম্বাটুরে (Coimbatore) একদম কাছের মানুষজনের উপস্থিতিতে হয় অনুষ্ঠান। কাউকে কিছু জানতে দেননি দুজনের কেউই। সকলকে ছবি পোস্ট করে চমকে দেন।
দুপুরে প্রাক্তনের বিয়ের খবর কানে আসার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাগা চৈতন্য। দু'দিন পর তাঁর প্রথম বিবাহবার্ষিকী। কিন্তু সেই নিয়ে কোনও কিছু পোস্টে লেখেননি, বরং শেয়ার করলেন জনপ্রিয় সিরিজ 'ধূতা'র কথা। স্মৃতিচারণা করলেন, দিলেন আবেগঘন বার্তা।
নাগা চৈতন্যর ‘ধূতা’ পোস্ট
মিস্ট্রি থ্রিলার ‘ধূতা’তে (Horror Mystery Thriller) মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নাগা। সিরিজটি বর্তমানে প্রাইম ভিডিওতে (Prime Video) স্ট্রিম করছে। মুক্তির দুবছর পূর্তি উপলক্ষে চৈতন্য লিখেছেন, 'ধূতা প্রমাণ করছে অভিনয় দিয়েই সবটা করা যায়। অভিনেতা যদি সৃজনশীলতা (creativity) ও সততার (honesty) ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং নিজের কাজকে সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে শেষ করেন, দর্শক তা গ্রহণ করবেনই। দর্শকের সেই সংযোগই শেষ পর্যন্ত শিল্পীকে শক্তি জোগায়।'
সিরিজের দুবছর পূর্তিতে অভিনেতা পুরো দলকে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, ‘ধূতা-র দুই বছরের যাত্রা আমাদের সকলের জন্যই বিশেষ। এই কাজটি সম্ভব হয়েছে যাঁদের সম্মিলিত পরিশ্রমে, তাঁদের সকলকে ভালবাসা ও শ্রদ্ধা।’
পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেইঅনেকেই লক্ষ্য করেন যে এটি সামান্থার বিয়ের ছবিগুলি প্রকাশ পাওয়ার দিনেই করা হয়েছে। আর সেই নিয়েই চর্চা শুরু হয়। চৈতন্যের পোস্টের কমেন্ট সেকশনে অনেকে সরাসরি লিখেছেন, ‘স্যাম বিয়ে করেছেন এবং তাঁর জন্য সকলে খুবই খুশি।' 'স্যাম বিয়ে করেছেন।'
যদিও এর সঙ্গে সামান্থার বিয়ের কোনও সম্পর্ক নেই। উল্লেখ্য, নাগা চৈতন্য এবং সামান্থা ২০১৭ সালে বিয়ে করেন। চার বছর পর, ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ (Divorce) হয়।
সামান্থা এবং রাজ নিদিমরুর বিয়ে 'ভূত শুদ্ধি' বিবাহ প্রথা (Bhuta Shuddhi Vivaha Tradition) মেনে সম্পন্ন হয়েছে। এটি একটি প্রাচীন যোগিক আচার (Yogic Ritual), যা আবেগ বা শারীরিকতার বাইরে গিয়ে দম্পতির মধ্যে গভীর সংযোগ (Elemental Connection) স্থাপন করে বলে বিশ্বাস। লিঙ্গ ভৈরবী উপাসনালয় (Linga Bhairavi Abodes) বা নির্দিষ্ট আধ্যাত্মিক স্থানে এই বিবাহ অনুষ্ঠিত হয় এবং ধারণা করা হয়, এতে দম্পতির পাঁচটি তত্ত্ব (Five Elements) শুদ্ধ হয়ে মিলনে আসে সামঞ্জস্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক সঙ্গতি (Spiritual Alignment)।
বিয়ের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়। সকলে সামান্থা ও রাজকে শুভকামনা জানান। দ্বিতীয় ইনিংসে ছাক্কা হাঁকানোর কথাও বলেন।