রণবীর কাপুরকে নিয়ে সরব হলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তোপ দাগলেন বলিউডের প্রযোজক-পরিচালকদের বিরুদ্ধে।

বিবেক অগ্নিহোত্রী
শেষ আপডেট: 14 May 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরকে নিয়ে সরব হলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তোপ দাগলেন বলিউডের প্রযোজক-পরিচালকদের বিরুদ্ধে। তাঁর সোজাসাপটা অভিযোগ—এই ইন্ডাস্ট্রিতে সাহসের বড়ই অভাব। তারকা মুখের সমালোচনা করার মতো ‘হিম্মত’ নেই অনেকেরই। “অউকাত হি নেই হ্যায় ইনকি, হিম্মত হ্যায় তো করকে দিখায়েঁ”—সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিবেক। দাবি করলেন, বলিউডের মূলস্রোতের অনেকেই রণবীর কাপুরের মতো বড় তারকাদের নিয়ে মুখ খোলার সাহস পান না। আর এই তারকাপনাকেন্দ্রিক সংস্কৃতি শিল্পের ক্ষতি করছে বলেও মন্তব্য তাঁর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিবেক বলেন, “তাঁদের পক্ষে সম্ভব নয় কোনো বড় তারকাকে প্রকাশ্যে অপমান করা বা প্রশ্ন তোলা। তাই তো দিনের শেষে দেখা যাচ্ছে, ১৫০ কোটির বাজেট যাচ্ছে পচা গল্পে, পচে যাওয়া অভিনেতাদের পারিশ্রমিকে।”
তাঁর মতে, আজকের বলিউডে সৃজনশীলতার চেয়ে বড় হয়ে উঠেছে ‘স্টার ইমেজ’। আর সেই কারণেই তিনি নিজেকে মূল ধারার বলিউড থেকে আলাদা করেছেন। তবে সবার উদ্দেশ্যে নয় তাঁর অভিযোগ। বরং ‘ভুয়ো তারকা’দের দিকেই তাঁর ইঙ্গিত, যাঁরা নিজেদের স্টার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।
কিন্তু আচমকা এই তির্যক ভাষা কেন? পেছনে রয়েছে ‘অ্যানিম্যাল’ বিতর্ক। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি ভাঙ্গা বলেছিলেন, “সবার প্রশংসা গেল রণবীরের দিকে। কিন্তু খারাপ বলার বেলায় টার্গেট করা হল আমাকে। কারণ আমি নতুন, রণবীর নয়।”
প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে সফল হলেও সমালোচনার ঝড় কম ছিল না। অতিরিক্ত হিংসা, লিঙ্গবৈষম্য, এবং ‘টক্সিক মাসকুলিনিটি’ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এই ছবির বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে এবার প্রকাশ্যেই প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী—এই কি তবে বলিউডের সৃজনশীলতার নমুনা?