রুপোলি পর্দায় দীর্ঘ কেরিয়ারে বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন রেখা। অভিনয়গুণের পাশাপাশি, তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্ব আজও দর্শকদের মুগ্ধ করে।

শেষ আপডেট: 14 May 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় দীর্ঘ কেরিয়ারে বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন রেখা। অভিনয়গুণের পাশাপাশি, তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্ব আজও দর্শকদের মুগ্ধ করে। অগণিত হিট সিনেমায় দেখা গিয়েছে তাঁকে বলিউডের ‘মেগাস্টার’ অমিতাভ বচ্চনের সঙ্গে। তাঁদের রসায়ন যেমন ছিল পর্দায় অনবদ্য, তেমনই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ঘিরেও দীর্ঘদিন ধরে চলে এসেছে নানা জল্পনা।
সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারে এমনই এক স্মৃতিচারণ করলেন রেখা। রেডিফ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কেরিয়ারের প্রথম দিকে তিনি টানা ১০টিরও বেশি ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। সেই সময় অমিতাভের কাছ থেকে পাওয়া একটি প্রশংসাসূচক বাক্য তাঁর কাছে আজও সবচেয়ে বড় ‘কমপ্লিমেন্ট’।
রেখার কথায়, “আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন আমরা দু’জনেই একে অপরের উপর প্রভাব ফেলতাম। এতগুলো ছবিতে একসঙ্গে কাজ করার পরে ওঁর দ্বারা প্রভাবিত না হয়ে থাকা সম্ভব ছিল না।”
তবে অমিতাভের কাছ থেকে রেখা সবচেয়ে বড় কী প্রশংসা পেয়েছেন? রেখার কথায়, 'ওঁর সঙ্গে যে আমি কাজ করার সুযোগ পেয়েছি, এটাই একটা কমপ্লিমেন্ট। জেনে হোক বা না জেনে, এই সুযোগটা দিয়েই উনি আমায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই প্রশংসা আমি সারাজীবন মনে রাখব।'
অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করেছেন ‘দো অনজানে’ (১৯৭৬), ‘মুকদ্দর কা সিকন্দর’ (১৯৭৮), ‘সিলসিলা’ (১৯৮১), ‘রাম বলরাম’ (১৯৮০), ‘খুন পাসিনা’ (১৯৭৭)-সহ একাধিক হিট সিনেমায়। তাঁদের জুটি আজও বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক রোম্যান্টিক জুটি হিসেবেই বিবেচিত।