ভিডিওটি খতিয়ে দেখে একাধিক প্রশ্ন উঠেছে এর সত্যতাকে কেন্দ্র করে। প্রথমেই চোখে পড়ে বেশ কিছু ভিজ্যুয়াল অসামঞ্জস্যতা। শুরুতে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো দেখা গেলেও পরবর্তী অংশে সেটি উধাও।

শেষ আপডেট: 11 February 2026 12:56
দ্য ওয়াল ব্যুরো: ভোট বাজারে (Bangladesh Election) নেতা-অভিনেতা যেন মিলেমিশে একাকার। এবার নজরে এল শাকিব খানের (Shakib Khan) উপস্থিতি। সম্প্রতি ‘দিন কায়েমের শপথ নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন’— এমন শিরোনামে ছড়িয়ে পড়া একটি মিউজিক ভিডিওতে অভিনেতা শাকিব খানের উপস্থিতির দাবি ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা। ইউটিউবের একটি চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওটি অল্প সময়েই কয়েক লাখ ভিউ অর্জন করে, ফলে বিষয়টি আরও নজর কাড়ে।
তবে ভিডিওটি খতিয়ে দেখে একাধিক প্রশ্ন উঠেছে এর সত্যতাকে কেন্দ্র করে। প্রথমেই চোখে পড়ে বেশ কিছু ভিজ্যুয়াল অসামঞ্জস্যতা। শুরুতে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো দেখা গেলেও পরবর্তী অংশে সেটি উধাও। বিভিন্ন দৃশ্যে আলো, মুখাবয়ব ও শরীরের ভঙ্গিতে পরিবর্তন স্পষ্ট, যেন আলাদা আলাদা ফুটেজ জোড়া লাগানো হয়েছে।
ভিডিওতে রাজনৈতিক সমাবেশের দৃশ্য দেখানো হলেও বক্তার অবস্থান, জনতার প্রতিক্রিয়া এবং নিরাপত্তারক্ষীদের পোশাকে অসঙ্গতি রয়েছে। কিছু দৃশ্যে বক্তাকে জনতার দিকে পেছন ফিরে কথা বলতে দেখা যায়, যা সাধারণ সমাবেশের নিয়মের সঙ্গে মেলে না। আবার নিরাপত্তাকর্মীদের ইউনিফর্ম বাংলাদেশ পুলিশের আদলের নয়। পতাকা, ব্যানার ও লেখাতেও রয়েছে গড়মিল— কোথাও উল্টো লেখা, কোথাও সাম্প্রতিক ব্যবহৃত প্রতীকের সঙ্গে অমিল।
বিভিন্ন সাইট থেকে এই ভিডিও-র ফ্যাক্টচেকও করানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ৯৯ শতাংশ সম্ভাবনা এই ভিডিও AI দ্বারা তৈরি করা হয়েছে। ফলে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে শাকিব খান সত্যি কোনও রাজনৈতিক দলে নাম লেখাতে চলেছেন, নাকি সমর্থন করছেন। ফলে সত্যি জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।