ভারতীয় ক্রিকেট মানেই এক আবেগ। বাইশ গজের লড়াই মানেই রক্তে আগুন। আর সেই আগুনের অন্যতম নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ছেলেটি, যিনি একদিন কলকাতার গলিপথ থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটকে দিলেন নতুন আত্মবিশ্বাস, নতুন লড়াইয়ের মানসিকতা।

শেষ আপডেট: 27 August 2025 16:34
ভারতীয় ক্রিকেট মানেই এক আবেগ। বাইশ গজের লড়াই মানেই রক্তে আগুন। আর সেই আগুনের অন্যতম নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ছেলেটি, যিনি একদিন কলকাতার গলিপথ থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটকে দিলেন নতুন আত্মবিশ্বাস, নতুন লড়াইয়ের মানসিকতা। যাঁকে বলা হয় প্রিন্স অফ ক্যালকাটা, আবার যিনি দাদাগিরির প্রতীক—তাঁর জীবনের রঙিন অধ্যায় এবার ধরা দেবে সিলভার স্ক্রিনে।
খবর মিলেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। আর দাদার চরিত্রে দেখা যাবে বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও-কে। ক্রিকেটার নয়, এবার তিনি হয়ে উঠবেন সেই মানুষ, যিনি দলকে শিখিয়েছিলেন হার না মানার লড়াই।
ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন পরিচালক ও প্রযোজক দল। ইডেন গার্ডেন, ময়দান, এরিয়ান ক্লাব, এমনকি বেহালার বাড়িও ঘুরে গেলেন তাঁরা। দাদার শৈশব, তাঁর বেড়ে ওঠা, তাঁর ক্রিকেটীয় যাত্রা—সবটা যেন নিখুঁতভাবে ধরা দিতে পারে সিনেমার পর্দায়, সেই কারণেই এই খুঁটিনাটি তথ্য সংগ্রহ। রাজকুমারও নেমে পড়েছেন প্রস্তুতিতে। বাঁহাতি না হওয়ায় তাঁকে আলাদা করে ব্যাটিং প্রশিক্ষণ নিতে হবে। চরিত্রটিকে সত্যি সত্যি বাঁচিয়ে তুলতে, দাদার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনিও।

ছবির বাজেট প্রায় ২৫০ কোটি টাকা। মুক্তি পাবে সম্ভবত ২০২৭ বিশ্বকাপের আগে। অর্থাৎ, যখন আবার গোটা দেশ ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে, তখনই হয়তো পর্দায় ফিরবেন দাদা, নতুন রূপে। শোনা যাচ্ছে, ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কোন অভিনেত্রী থাকবেন তা নিয়ে এখনও চলছে জল্পনা। বাঙালি অভিনেত্রীদের নামও আলোচনায়। সব মিলিয়ে উত্তেজনার পারদ চড়ছে তিলোত্তমা থেকে মুম্বই—সব জায়গাতেই।
ক্রিকেট মাঠে যিনি ভেঙে দিয়েছিলেন ভয় আর দ্বিধার বেড়া, যিনি প্রমাণ করেছিলেন, লড়াই মানেই দাঁতে দাঁত চেপে এগিয়ে চলা—সেই সৌরভের গল্প এবার সিনেমায়। হয়তো একদিন, যখন ইডেনের আকাশে ভেসে আসবে করতালি আর পর্দায় ঝলসে উঠবে দাদার হাঁকানো কভার ড্রাইভ, তখন দর্শকের বুকেও একসঙ্গে ধ্বনিত হবে সেই পুরোনো ডাক—“দাদা, দাদা!”