পরিচালক বিক্রম ভাট ও তাঁর মেয়ে কৃষ্ণা ভাট সারদার বিরুদ্ধে ১৩.৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে মুম্বইয়ে মামলা।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 25 January 2026 12:51
দ্য ওয়াল ব্যুরো: চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt) আবারও প্রতারণা সংক্রান্ত মামলায় জড়ালেন। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ে তাঁর বিরুদ্ধে নতুন করে ১৩.৫ কোটি টাকা প্রতারণার মামলা দায়ের হয়েছে। এই মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণা ভাট সারদা-রও। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বাবা-মেয়ের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যেই মামলা নথিভুক্ত করেছে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা সিনেমা ও অন্যান্য ব্যবসায়িক প্রকল্পে মোটা অঙ্কের লাভের প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেন। কিন্তু প্রতিশ্রুত রিটার্ন না মেলায় এবং দীর্ঘদিন অপেক্ষার পর ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পর তদন্তের দায়িত্ব নিয়েছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা।
তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, অভিযুক্তদের একাধিক লোকেশন থেকে প্রাসঙ্গিক নথি ও বিল সংগ্রহ করা হয়েছে। কিছু বিল ও ভাউচারের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযুক্ত পক্ষের সহযোগিতা পুরোপুরি মেলেনি বলেও অভিযোগ।
উল্লেখ্য, এটি বিক্রম ভাটের বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। গত ডিসেম্বর ২০২৫-এ রাজস্থান পুলিশ একটি পৃথক মামলায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে বিক্রম ভাট ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করেছিল। সেই মামলায় মুম্বই থেকে তাঁদের আটক করে উদয়পুরে নিয়ে যাওয়া হয়েছিল আইনি প্রক্রিয়ার জন্য। পরে ৫ জানুয়ারি রাজস্থান হাই কোর্টে এফআইআর বাতিলের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। যদিও অভিযুক্তদের আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেছেন।
নতুন এই মামলাকে ঘিরে বিনোদন মহলে ফের আলোচনায় বিক্রম ভাট। তদন্ত কোন দিকে এগোয় এবং আদালতের পর্যবেক্ষণ কী হয়, সেদিকেই এখন নজর।