শ্রীলঙ্কার সবুজ পরিবেশে ছুটি কাটাচ্ছেন অভিনেতা বিজয় ভার্মা। ডিনারে তাঁর পাশে এসে কে দাঁড়াল?

বিজয় বর্মা
শেষ আপডেট: 24 July 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: শুটিং থেকে খানিক ছুটি নিয়েছেন বিজয় বর্মা। গন্তব্য—সবুজে মোড়া শ্রীলঙ্কা। তবে এই ছুটির সফর যে এমন চমক নিয়ে আসবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি অভিনেতা। নৈশভোজে তাঁর পাশে এসে দাঁড়াল এক বন্য হাতি!
ইনস্টাগ্রামে ছুটির কয়েকটি ঝলক ভাগ করে নিয়েছেন বিজয়। দেখা যাচ্ছে, গাঢ় সবুজের মাঝে মোমবাতির আলোয় সাজানো একটি ডিনার টেবিল। সেখানে বিজয়ের পাশেই দাঁড়িয়ে এক শান্ত, বিশাল আকৃতির হাতি। ক্যামেরাবন্দি হয়েছে সেই অনন্য মুহূর্ত।
ছবিগুলির ক্যাপশনে বিজয় লেখেন, “একটা বন্য হাতি এসে আমাদের সঙ্গে ডিনারে যোগ দিল… তোমার মঙ্গলবার কেমন কাটছে? শ্রীলঙ্কা থেকে ভালবাসা।”

সেই ছবিগুলোই এখন ঘুরছে নেটদুনিয়ায়। ট্রপিকাল পরিবেশ, এক্সোটিক খাবার, আর এক অনির্বচনীয় অভিজ্ঞতা—সব মিলিয়ে এই সফর বিজয়ের কাছে নিঃসন্দেহে স্মরণীয় হয়ে রইল। এই মুহূর্তে অভিনেতার হাতে রয়েছে নতুন ওয়েব সিরিজ ‘Matka King’-এর কাজ।
