নয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা এখন রুপোলি পর্দা থেকে খানিক দূরে। তবে তাঁর ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলি ঘিরে এখনও আগ্রহের শেষ নেই অনুরাগীদের।

জুহি চাওলা
শেষ আপডেট: 24 July 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা এখন রুপোলি পর্দা থেকে খানিক দূরে। তবে তাঁর ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলি ঘিরে এখনও আগ্রহের শেষ নেই অনুরাগীদের। বৃহস্পতিবার ছিল তাঁর ছোট ছেলে অর্জুন মেহতার জন্মদিন। সেই উপলক্ষে ছেলের জন্য এক বিশেষ উপহার ঘোষণা করলেন জুহি—তিনি উপহার দিলেন ৫০০টি গাছ।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “শুভ জন্মদিন অর্জুন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমায় অনেক ভালবাসি। ৫০০টি গাছ উপহার দিলাম তোমায়, তোমার ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য।”
পোস্টের ছবিগুলিতে ধরা পড়েছে অর্জুনের ছোটবেলা থেকে বর্তমানের নানা মুহূর্ত। কখনও মা জুহির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে, কখনও ঠাকুমা-দাদুর পাশে, আবার কখনও মাথায় বন্যপ্রাণীর টুপি পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। বাবার সঙ্গে, দিদির সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে নানা মুহূর্তের ছবি মিলিয়ে একটি কোলাজও পোস্ট করেছেন জুহি।
১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি। তাঁদের দুই সন্তান—জাহ্নবী এবং অর্জুন। আজকের দিনে সন্তানকে শুধু শুভেচ্ছাই নয়, পরিবেশ রক্ষার এক স্পষ্ট বার্তাও দিয়ে গেলেন মা জুহি। তাঁর এই ‘সবুজ’ উপহারে মুগ্ধ ভক্তরা।