ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। এখন অনেকটাই সুস্থ। ছাড়া পেয়ে বাড়ি এলেন।

বিজয় দেবরাকোন্ডা
শেষ আপডেট: 23 July 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা। জ্বর ভেবে প্রথমে বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন অভিনেতা। কিন্তু শরীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে।
তাঁর টিম সূত্রে জানা গেছে, তিন দিন হাসপাতালে থাকার পর এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিজয়। ধীরে ধীরে সেরে উঠছেন, তবে আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
তবে বিশ্রাম নেওয়ার মাঝেও একেবারে কাজ থেকে দূরে থাকতে চাইছেন না ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতা। তাঁর পরবর্তী ছবি ‘কিংডম’-এর প্রচার নিয়ে বেশ আগ্রহী তিনি। শুটিংয়ের আগেই কিছু প্রোমোশনাল ভিডিও রেকর্ড করে রেখেছিলেন বিজয়। সেগুলি শিগগিরই প্রকাশ্যে আসবে।
ছবির ট্রেলার মুক্তি পাবে ২৬ জুলাই। আর ২৮ তারিখ প্রি-রিলিজ ইভেন্টে হাজির থাকবেন বিজয় নিজেই। যদিও টিম জানিয়েছে, অভিনেতাকে চিকিৎসকরা অতিরিক্ত পরিশ্রম না করতে বলেছে। তাই ধীরে ধীরে ছবির প্রচারে অংশ নেবেন তিনি।
গৌতম তিন্নানুরি পরিচালিত ‘কিংডম’ এক একটি স্পাই থ্রিলার। ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করছেন ভাগ্যশ্রী বোর্সে এবং সত্যদেব। বিজয়ের এই চরিত্রের জন্য বিশেষ শরীরচর্চার মাধ্যমে নিজেকে ভেঙেছেন তিনি। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।
এই ছবি ‘কিংডম’-এর প্রথম পার্ট। পরে এই ছবির দ্বিতীয় পর্ব তৈরি হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি বিজয় হ্যাঁ বলেছেন একটি পিরিয়ড অ্যাকশন ফিল্মেরও, যা পরিচালনা করবেন রাহুল সংকৃত্যায়ন।