উদয়পুরের আরাবল্লি পাহাড়ে আইটিসি দ্য মেমেন্টোস রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা।

বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা
শেষ আপডেট: 26 February 2026 22:11
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ২৬ ফেব্রুয়ারি সকালে সাত পাকে বাঁধা পড়লেন। রাজস্থানের উদয়পুর শহরে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। তার আগে ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি জুড়ে জমে উঠেছিল প্রাক্-বিবাহের নানা অনুষ্ঠান। তাঁদের বিয়ের বাসর বসেছিল আইটিসি হোটেলের ‘দ্য মেমেন্টোস’ নামের আল্ট্রা লাক্সারি প্রপার্টিতে, যা আরাবল্লি পর্বতের মাঝে, উদয়পুর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
কৈলাশপুরীর একলিঙ্গজি মন্দির যাওয়ার পথেই পড়ে এই হোটেল, যা পাহাড়ের একেবারে উপরে অবস্থিত হওয়ায় এখান থেকে যেমন আরাবল্লি পর্বতের অপূর্ব দৃশ্য দেখা যায়, তেমনই দেখা যায় একটি মানবসৃষ্ট হ্রদের মনোরম ভিউ।
এই বিলাসবহুল রিসোর্টে রয়েছে মোট ১১৭টি ভিলা এবং স্যুট, সঙ্গে ৫টি রেস্তোরাঁ ও ৩টি ব্যাঙ্কোয়েট হল। বিভিন্ন অনুষ্ঠানের জন্য আলাদা জায়গার ব্যবস্থাও রয়েছে। এখানে মেমেন্টোস স্যুট, আরাবল্লি স্যুট, ভ্যালি ভিউ ভিলা, লেক ভিউ ভিলা এবং প্রিমিয়াম ভিলার মতো একাধিক বিকল্প রয়েছে।
সাধারণ প্রাইভেট রুমের প্রতি রাতের ভাড়া শুরু হয় ২০ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত যায়। তবে সবচেয়ে বিলাসবহুল হল আরাবল্লি স্যুট, যার প্রতিটি প্রায় ৪৮৫ স্কোয়ার মিটার জুড়ে বিস্তৃত। এই স্যুটে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, আলাদা লিভিং রুম, চারজনের উপযোগী বড় বাথরুম এবং বাইরে বসার বিশেষ জায়গা। এই স্যুটের প্রতি রাতের ভাড়া ৭৯ হাজার টাকারও বেশি, যার মধ্যে ব্রেকফাস্ট এবং ওয়াইফাই অন্তর্ভুক্ত থাকে। এছাড়া এখানে খাবারের খরচ মাথাপিছু ৩ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে।
কিছুদিন আগেই উদয়পুরে পৌঁছেছিলেন বিজয় এবং রশ্মিকা। এরপর ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের ঘোষণা করেন এবং জানান, তাঁদের বিয়ের হ্যাশট্যাগ হবে ‘ভিরোশ’। অবশেষে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা ১০ মিনিট নাগাদ দক্ষিণ ভারতীয় রীতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত ছিলেন। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের রিসেপশন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মালাবদলের সময় দু’জনেই আবেগে ভেসে যান এবং তাঁদের চোখ ছলছল করছিল, যা বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। যদিও এখনও পর্যন্ত তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি, তবে অনুষ্ঠানের নানা স্মৃতি সামনে আসছে। সঙ্গীত অনুষ্ঠানে ‘পুষ্পা’ ছবির গানে নেচে বিজয়কে চমকে দিয়েছিলেন রশ্মিকা। পাশাপাশি, বিয়ের দিন ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এই জুটি কড়া ‘নো-ফোন পলিসি’ চালু করেছিলেন, যার ফলে বিয়ের মণ্ডপে কোনও অতিথিকেই মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি।