বিয়ের পর ‘জোশ’ কমে যায়—এই মন্তব্যে বিতর্কে ভিকি কৌশল।

ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ
শেষ আপডেট: 17 March 2026 18:04
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কে জড়ালেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। সম্প্রতি একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে ‘নারীবিদ্বেষী’ বলেও কটাক্ষ করা হচ্ছে সমাজমাধ্যমে। বিয়ের পর পুরুষদের মধ্যে আর আগের মতো ‘জোশ’ থাকে না, এমন মন্তব্য করেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। নিন্দকদের অভিযোগ, নিজের স্ত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং বিবাহিত জীবনকে নিয়ে প্রকাশ্যে মশকরা করেছেন অভিনেতা।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁদের সন্তানের জন্মও হয়েছে। বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত। তবে সাম্প্রতিক এই মন্তব্য মোটেও ভালভাবে নেননি নেটাগরিকদের একাংশ। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে ভিকির বলা জনপ্রিয় সংলাপ ‘হাউ ইজ দ্য জোশ?’ দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই সংলাপের প্রসঙ্গেই একজনের সঙ্গে কথোপকথনে জড়ান অভিনেতা। ওই ব্যক্তি জানান, তাঁর জীবনে ‘জোশ’ এখনও বেশ তীব্র। এর উত্তরে ভিকি বলেন, “আমি দেখেছি, অবিবাহিতদের ‘জোশ’ সবসময় বেশি থাকে। আমাদের বিবাহিতদের ‘জোশ’ বছরের পর বছর কেবল কমতেই থাকে। তবে চিন্তা করবেন না।”
এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এক নেটাগরিকের কথায়, “২০২৬ সালেও কেউ এ ধরনের রসিকতা করছেন! আশ্চর্য! এই ধরনের মন্তব্য থেকেই বোঝা যায়, মানসিকতায় নারীবিদ্বেষ রয়ে গিয়েছে।” আরেকজনের দাবি, “এই একই কথা যদি রণবীর কপূর বলতেন, এতক্ষণে তীব্র প্রতিবাদে সমাজমাধ্যম সরব হয়ে উঠত। কিন্তু ভিকির ভাবমূর্তি ভাল বলেই অনেকে চুপ রয়েছেন। এই ধরনের মন্তব্যকে কখনওই নিছক রসিকতা বলা যায় না।”