মাতৃত্বের পর প্রথম বড়দিনে ছাপোসা পারিবারিক উদযাপনে মেতেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ‘বেবি কৌশল’কে কেন্দ্র করে এই বিশেষ ক্রিসমাসে কারা কারা ছিলেন তাঁদের সঙ্গে?
.jpeg.webp)
ভিকি- ক্যাটরিনা (ফাইল ছবি)
শেষ আপডেট: 26 December 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্বের পর প্রথম বড়দিন, ক্যাটরিনা কইফের (Katrina Kaif) জীবনে এবারের ক্রিসমাস যে একটু আলাদা, তা আর বলার অপেক্ষা রাখে না। বরাবরই বড়দিন (Christmas) মানেই বিশেষ উদযাপন। প্রতি বছর তাঁর ক্রিসমাস সেলিব্রেশন (Christmas celebration) দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। তবে মা হওয়ার পর কীভাবে অভিনেত্রী উদযাপন করলেন, তার জন্য আরেকটু বেশি উন্মাদনা ছিল। সদ্যোজাত ‘বেবি কৌশল’কে (Baby Kaushal) সামলে পরিবারের সঙ্গে বড়দিন সেলিব্রেশনের মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।
গত নভেম্বর মাসে ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল (Vicky Kaushal) মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। নতুন ইনিংসে দায়দায়িত্ব যে অনেকটাই বেড়েছে, তা স্বাভাবিক। তবু এই মুহূর্তে যে দম্পতি সন্তানসুখ উপভোগ করছেন, তা স্পষ্ট ক্যাটরিনার মাতৃত্বকালীন গ্ল্যামারেই। বৃহস্পতিবার, মা হওয়ার পর প্রথমবার সোশাল মিডিয়ায় (Social Media) সক্রিয় হতে দেখা গেল তাঁকে। প্রায় দু’মাস বিরতির পর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে অনুরাগীদের কাছে ফিরলেন।
ক্যাটরিনার পোস্ট করা ছবিতে ধরা পড়েছে একেবারে ঘরোয়া মুহূর্ত। দাদা সেবাস্টিয়ান (Sebastian), দেওর সানি (Sunny Kaushal) এবং স্বামী ভিকি কৌশলকে নিয়ে ক্রিসমাস উদযাপন করেন। পরিবারের সদস্যদের মাঝখানে মধ্যমণি হয়ে থাকা ক্যাটরিনার মুখে ছিল চওড়া হাসি। ক্রিসমাস থিমের সঙ্গে মিলিয়ে একমাত্র তিনিই লাল রঙের পোশাকে সেজেছিলেন, যা নজর কেড়েছে অনুরাগীদের।
মা হওয়ার পর কেমন কাটছে ক্যাটরিনার দিন, সেই কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। বড়দিনের রাতেই প্রশ্নের আংশিক উত্তর মিলল। ক্যাপশনে খুব সাধারণ ভাষায় অভিনেত্রী লিখেছেন, “সকলের জন্য আনন্দ এবং শান্তি কামনা করছি। বড়দিনের শুভেচ্ছা!”
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ক্যাটরিনার কোল আলো করে এসেছে পুত্রসন্তান। তাকে ঘিরেই এখন কৌশল পরিবারের (Kaushal family) দিন কাটছে আনন্দ আর উল্লাসে। ভিকি কৌশল আগেই জানিয়েছেন, কাজের ফাঁকে চুটিয়ে পিতৃত্ব উপভোগ করছেন তিনি। এমনকী সন্তানের ন্যাপি বদলানোর দায়িত্বও মাঝেমধ্যে তাঁর কাঁধেই পড়ছে। মজার ছলে অভিনেতা জানিয়েছেন, এই কাজ নাকি অভিনয়ের থেকেও সহজ বলে মনে হচ্ছে তাঁর কাছে।
এবার সেই ভিকিকেই দেখা গেল স্ত্রী, দাদা-শ্যালককে সঙ্গে নিয়ে বড়দিন উদযাপন করতে। যদিও ক্যাটরিনা সোশাল মিডিয়ায় কামব্যাক করলেও এখনও সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি। অনুরাগীদের মতে, নতুন জীবনের এই অধ্যায় আপাতত একান্ত নিজের মতো করেই উপভোগ করতে চাইছেন অভিনেত্রী। আর সেই সিদ্ধান্তেই যে পরিণত, শান্ত ও দায়িত্বশীল এক নতুন ক্যাটরিনার ছাপ মিলছে-তা বলাই বাহুল্য।