সেন্ট মেরিজ চার্চ যেন কাশ্মীরের সেই চিরচেনা সম্প্রীতির প্রতীক - যেখানে ধর্ম বিভাজনের নয়, বরং মানুষের সঙ্গে মানুষের বন্ধনই মুখ্য।

শেষ আপডেট: 25 December 2025 23:41
দ্য ওয়াল ব্যুরো: বরফে ঢাকা পড়েছে গুলমার্গ (Gulmarg)। চারদিকে নিস্তব্ধ সাদা চাদর। ঠিক তার মাঝেই ক্রিসমাসের (Christmas) দিনে আলাদা করে চোখে পড়ে সেন্ট মেরিজ চার্চ (St. Marys Church Gulmarg)। দেখা যায়, ১২৩ বছরের পুরনো ভিক্টোরিয়ান স্থাপত্যের এই গির্জায় (123 years old St. Marys Church Gulmarg) শান্ত প্রার্থনায় ভিড় জমাচ্ছেন নানা প্রান্ত থেকে আসা মানুষ। এই চার্চ যেন কাশ্মীরের সেই চিরচেনা সম্প্রীতির প্রতীক - যেখানে ধর্ম বিভাজনের নয়, বরং মানুষের সঙ্গে মানুষের বন্ধনই মুখ্য।
এই গির্জার দেখভালের দায়িত্বে রয়েছেন এক স্থানীয় মুসলিম যুবক, মুজাফফর আহমেদ। ক্রিসমাসের দিনে বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষকে একসঙ্গে প্রার্থনায় অংশ নিতে দেখে তাঁর মুখে স্বস্তির হাসি। অনেকেই জেনে অবাক হন, এই ঐতিহাসিক চার্চের দেখভাল করেন একজন মুসলিম ধর্মের মানুষ।
মুজাফফর বলেন, “মানুষ যখন জানতে পারে যে একজন মুসলিম এই চার্চের দেখভাল করেন, তখন তাঁরা খুব খুশি হন। আমার কাজের মাধ্যমে যদি মানুষের মনে আনন্দ আসে, সেটাই সবচেয়ে ভাললাগার।”

অনেক পর্যটকের কাছেই ‘হোয়াইট ক্রিসমাস’ (White Christmas) আজীবনের স্বপ্ন। সেন্ট মেরিজ চার্চের শান্ত পরিবেশ আর চারপাশের বরফ সেই স্বপ্নকে বাস্তব করে তোলে। হায়দরাবাদ থেকে আসা এক পর্যটক বলেন, “বরফের মধ্যে ক্রিসমাস পালন করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। গির্জায় আসতে পেরে খুব ভাল লাগছে।” আরেকজন জানান, “জীবনে এই প্রথম বরফের মধ্যে ক্রিসমাস কাটাচ্ছি।”
এই মুহূর্তে গুলমার্গ পুরোপুরি বরফে ঢাকা। ঝকঝকে রোদে পাহাড় আর জমিতে পড়া বরফ সোনালি আভা ছড়াচ্ছে। রাতের তাপমাত্রা শূন্যের নীচে নেমে যাওয়ায় চার্চের খাড়া সবুজ ছাদ থেকে ঝুলছে লম্বা বরফের শিক।
ক্রিসমাস ও নিউ ইয়ার উদযাপনে বিপুল সংখ্যক পর্যটক ভিড় জমিয়েছেন এই ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’। আগামী সপ্তাহ পর্যন্ত প্রায় সব হোটেলই হাউসফুল। আশপাশের ঢালে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ স্কি শেখায় ব্যস্ত। শীতকালীন খেলাধুলা ও পর্যটনের উপর নির্ভরশীল স্থানীয়দের কাছে পর্যটকদের এই ঢলও উৎসবের সমান।
গুলমার্গ এখনও ভারতের সেরা স্কি ডেস্টিনেশন। সদ্য হওয়া এই তুষারপাত শুরু হয়েছে ‘চিল্লাই কালান’-এর সঙ্গে, শীতের সবচেয়ে কঠিন ৪০ দিনের সময়। পেশাদারি স্কির জন্য বরফের গভীরতা এখনও পুরোপুরি না হলেও, পরিবেশে উৎসবের উত্তেজনা স্পষ্ট।
এশিয়ার সর্বোচ্চ কেবল কার, গুলমার্গ গন্ডোলায় চড়তে দীর্ঘ লাইন। কেবিনে উঠে উপরে উঠলে চোখের সামনে খুলে যায় বরফে মোড়া পাহাড়, আর নিচে বিস্তীর্ণ জমে যাওয়া পাইন বন, যা এই ক্রিসমাসকে করে তোলে একেবারে রূপকথার মতো।