৭৮ তম কান ফিল্মস ফেস্টিভ্যালে (Cannes Film Festival) যোগ দেওয়া ভারতীয় সেলেবদের মধ্যে একজন উর্বশী রৌতেলা।

উর্বশী রৌতেলা (ছবি- ইনস্টাগ্রাম)
শেষ আপডেট: 19 May 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক শব্দটা যেন উর্বশী রৌতেলার সমার্থক হয়ে উঠেছে। অভিনেত্রীকে নিয়ে আলোচনার শেষ নেই। বেফাঁস মন্তব্য করে প্রায়ই ট্রোলারদের নজরে চলে আসেন। কান-এর রেড কার্পেটে পা রেখেছেন তিনি। সেখানে একের পর এক পোশাক বিপত্তি। শুরু বিতর্ক। কান-এ কিনা ছেঁড়া পোশাকে হাঁটছেন উর্বশী (Urvashi Rautela at Cannes)! নিছক গাফিলতি নাকি জেনেবুঝেই প্রচারের লোভে এই কাণ্ড করেছেন অভিনেত্রী? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
৭৮ তম কান ফিল্মস ফেস্টিভ্যালে (Cannes Film Festival) যোগ দেওয়া ভারতীয় সেলেবদের মধ্যে একজন উর্বশী রৌতেলা। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একটি ডিজাইনার নাজা সাদের কাস্টমাইজড কালো সিল্ক টাফেটা গাউনে সেজেছিলেন তিনি। কিন্তু লাল গালিচায় পোজ দেওয়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নাড়তে গিয়েই বাধল গণ্ডগোল। অভিনেত্রীর বগলের কাছে পোশাক ছেঁড়া। যত বারই হাত উপরে তুলছেন ছেঁড়া অংশটি স্পষ্ট বোঝা যাচ্ছে। মুহূর্তেই এই ভিডিও, ছবি ভাইরাল হয়।
নেটিজেনরা প্রশ্ন তুলছেন, 'কান ফিল্মস ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে প্রতিনিধিত্ব করছেন একজন ভারতীয় অভিনেত্রী?' কেউ আবার বলছেন, 'এটা কি প্রচারের আলোয় আসার একটি মতলব?' কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, 'ছেঁড়া পোশাকে কান-এর (Cannes) মঞ্চে প্রথম ভারতীয় অভিনেত্রী উর্বশী রৌতেলা।' এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভাইরাল ভিডিও শেয়ার করে লিখেছেন, 'ওর জন্য আমার খারাপ লাগছে।' সেই পোস্টেই একজন কমেন্ট করেছেন, 'ওটা কী, গর্ত?'
কান-এর প্রথম দিন থেকেই পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে উর্বশীকে। প্রথম দিন তোতা পাখির মতো একটি রঙবেরঙের পোশাক পরেছিলেন তিনি। হাতে একটি তোতাপাখিও নিয়েছিলেন। চোখে পার্পল আইশ্যাডো, চড়া মেকআপ, অভিনেত্রীর সেই সাজ দেখে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ব্যবহারকারীরা।
এরইমধ্যে আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, উর্বশী রেড কার্পেটে পোজ দিচ্ছেন। এমন সময় পাশ থেকে তাঁকে সরে যেতে বলল। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, অভিনেত্রী হাসি মুখে রেড কার্পেটে নিজের রঙ-বাহারি পোশাক মেলে ধরছেন। হঠাৎ এক ব্যক্তি তাঁকে সরে যেতে বলেন। বলিউড (Bollywood) সূত্রে খবর, রেড কার্পেটে যে পোশাক পরে উর্বশী ট্রোলড হলেন তার দাম শুনলে চমকে যাবেন। মিশেল কিন্কো ব্র্যান্ডের এই গাউনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪০.১৯ কোটি টাকা। তাঁর হাতের তোতাপাখি ব্যাগের দাম প্রায় পাঁচ লক্ষ টাকা।