২০১৫ সালে মুক্তি পাওয়া প্রশংসিত চলচ্চিত্র ‘দম লাগাকে হাইশা’ যেন এক ঝটকায় বলিউডের আকাশে নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল ভূমি পেডনেকরকে

ভূমি পেডনেকর।
শেষ আপডেট: 18 July 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রশংসিত চলচ্চিত্র ‘দম লাগাকে হাইশা’ যেন এক ঝটকায় বলিউডের আকাশে নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল ভূমি পেডনেকরকে। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করা এই অভিনেত্রী, তাঁর প্রথম সিনেমাতেই এমন অনবদ্য অভিনয় উপহার দেন যে সমালোচক থেকে দর্শক—সবাই মুগ্ধ।
তারপর কেটে গেছে দশ বছর, করেছেন ২০টিরও বেশি সিনেমা, পেয়েছেন একাধিক পুরস্কার, আর উপহার দিয়েছেন একের পর এক মনে রাখার মতো পারফরম্যান্স। ‘লাস্ট স্টোরিজ’-এ জোয়া আখতারের সেগমেন্ট হোক বা ‘সাণ্ড কি আঁখ’-এ সাহসী দিদার চরিত্র, কিংবা ‘দ্য রয়্যালস’-এ সোফিয়া। ভূমির জীবনের পথচলা শুধুই সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়, তাঁর অফ-স্ক্রিন জার্নিটাও ঠিক ততটাই রোমাঞ্চকর। রয়েছে বেশ কিছু অজানা তথ্য, যা হয়তো আগে আপনিও জানতেন না।
অভিনয়ে আসার আগে ভূমি দীর্ঘ ছয় বছর কাজ করেছেন যশ রাজ ফিল্মসে সহকারী পরিচালক হিসেবে। ‘চক দে ইন্ডিয়া’, ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’—এর মতো ছবিতে কাস্টিংয়ে সহায়তা করার পর, তিনি কাজ করেছেন নামকরা কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে।
ডেবিউ ফিল্ম ‘দম লাগাকে হাইশা’র জন্য অডিশন দিয়েছেন প্রায় আড়াই মাস! আশ্চর্যের বিষয়, ভূমি নিজেই যে সিনে অভিনয় করে অভিনেতাদের রেফারেন্স দিতেন, সেটাই ছিল তাঁর প্রথম অডিশনের ফুটেজ! পরে পরিচালক শরত কাতারিয়া বারবার অডিশনে ডাকেন এবং তবেই চূড়ান্ত হয় তাঁর নির্বাচিত হওয়া।
এই চরিত্রের জন্য ভূমি শরীরে এনেছিলেন এক বিশাল পরিবর্তন—এক বছরে তিনি ২০ কেজিরও বেশি ওজন বাড়ান! শুটিংয়ের সময় তাঁর ওজন ছিল প্রায় ৯০ কেজি, এবং পরে তিনি মাত্র পাঁচ মাসে আবার ওজন ঝরিয়ে ফেলেন। ভূমি বিশ্বাস করেন স্বাস্থ্যকর খাওয়াদাওয়াতেই লুকিয়ে আছে শরীর ও মনের সুস্থতা।
আর থামনেনি ভূমি—‘দম লাগাকে হাইশা’র মুক্তির পর পরবর্তী ৪৫টা দিন, রোজ একবার করে সিনেমাটি দেখেছেন থিয়েটারে, কখনও একা, কখনও পরিচালক শরতের সঙ্গে! শুধু এই ছবিই নয়, তাঁর প্রতিটি সিনেমা মুক্তির পর ভূমি নিজে সিনেমাহলে গিয়ে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
ভূমি তাঁর প্রথম পারিশ্রমিকে নিজের ছোট বোন সমীক্ষার জন্য জিন্দাল গ্লোবাল ল’ স্কুলের এক টার্মের ফি মিটিয়েছিলেন—সত্যিই ভাইবোনের সম্পর্কের এক অনন্য নজির। শাহরুখ খান ও সলমানের ভক্ত ভূমি ছোটবেলা থেকেই তাঁদের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেছেন। আর মেকআপ? সেটা তাঁর ছোটবেলার প্রেম! ১৩ বছর বয়সে প্রথম মেকআপ ব্যবহার করা শুরু করেন, নিজের ভ্যানিটি বক্স কিনেছেন জমানো টাকায়।
তিনি শুধুমাত্র অভিনেত্রী নন, একজন সচেতন নাগরিকও বটে। জলবায়ু পরিবর্তন নিয়ে ভূমি অত্যন্ত সোচ্চার। ২০১৯ সালে তিনি শুরু করেন ‘ক্লাইমেট ওয়ারিয়র’ নামের ক্যাম্পেন, যেখানে কার্বন নিঃসরণ কমাতে কাজ করেন উদ্ভাবক অনিরুদ্ধ শর্মার সঙ্গে। পরিবেশ বাঁচাতে ভূমি নিরামিষ খাবার খেতেও শুরু করেছেন।
শুধু পরিবেশ নয়, সমাজ সচেতনতায়ও ভূমি এগিয়ে। ২০২০ সালে এমটিভির সঙ্গে যৌথভাবে ‘নিষেধ’ নামে একটি ওয়েব সিরিজ করেন, যা কিশোর-যুবদের মধ্যে প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিবি-র মতো বিষয় নিয়ে সচেতনতা বাড়ায়।
আজ ভূমি পেডনেকরের জন্মদিন। এক সাহসী, দৃঢ়চেতা, মেধাবী অভিনেত্রীর জন্মদিন।