বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপরার আজ জন্মদিন। আন্তর্জাতিক খ্যাতি, হলিউডে সফল কেরিয়ার, সংসার, মাতৃত্ব—সবকিছুতেই এখন তিনি পূর্ণতা পেয়েছেন।

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপরার আজ জন্মদিন
শেষ আপডেট: 18 July 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপরার আজ জন্মদিন। আন্তর্জাতিক খ্যাতি, হলিউডে সফল কেরিয়ার, সংসার, মাতৃত্ব—সবকিছুতেই এখন তিনি পূর্ণতা পেয়েছেন। তবে বলিউডে তাঁর এক সিদ্ধান্ত আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সলমন খানের ছবি ‘ভারত’ থেকে তাঁর সরে যাওয়া নিয়ে তৎকালীন সময়ে যেভাবে জলঘোলা হয়েছিল, তা এখনও রয়ে গিয়েছে বলিউডের বড়সড় গসিপ হয়ে।
পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে মূল নারী চরিত্রে অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু শেষ মুহূর্তে, মাত্র কয়েকদিন বাকি থাকতেই, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবিটি ছেড়ে দেন। পরিচালক টুইট করে তাঁর সরে যাওয়ার কথা জানান। কিন্তু সলমন খান প্রকাশ্যে ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, ‘বিয়ে করতেই তো চেয়েছিলে, তাই বললাম বিয়ে করো।’
‘প্রিয়াঙ্কার কাজ ছিল ৭৫-৮০ দিনের জন্য। বিয়ের প্রস্তুতি চার দিন, বিয়ে চার দিনে শেষ—মানে আট দিনের মধ্যে সব মিটে গেল, তারপর হানিমুন। তাই আমরা বলেছিলাম, এর সমাধান খুঁজে নেব। কিন্তু ও তখন মনস্থির করে ফেলেছিল—এই ছবির অংশ হবে না।’ এই বক্তব্যই তখন নতুন করে বিতর্ক উসকে দেয়, যেখানে স্পষ্ট ইঙ্গিত ছিল যে প্রিয়াঙ্কার হঠাৎ সিদ্ধান্ত সলমনের কাছে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর ছিল।
সলমন আরও জানান, প্রিয়াঙ্কা তখন একপ্রকার মরিয়া হয়েই ছবিতে ফিরতে চেয়েছিলেন। সলমনের বোন অর্পিতাকে নাকি তিনি এক হাজার বার ফোন করেছিলেন, এমনটাই দাবি ছিল ভাইজানের। এমনকি পরিচালক আলি আব্বাসকেও বারবার ফোন করে বলেছিলেন—‘আমার জন্য কিছু একটা করো।’
তবে শেষ পর্যন্ত সেই চেষ্টার কোনও ফল হয়নি। ‘ভারত’-এ প্রিয়াঙ্কার জায়গায় দেখা যায় ক্যাটরিনা কাইফকে। সলমন এও বলেছিলেন, ‘সম্ভবত বিয়ের জন্যই না, সে হয়তো বলিউড ছেড়ে শুধু হলিউডেই কাজ করতে চায়। ও যা খুশি করুক, আমরা খুশি। ও খুশিতে আছে, সেটাই সবচেয়ে বড় কথা।’
আজ প্রিয়াঙ্কার জন্মদিনে আবারও সেই পুরনো বিতর্ক উঠে এসেছে শিরোনামে। বলিউডে তাঁর অনুপস্থিতি নিয়ে যতই জল্পনা থাকুক না কেন, একথা বলতেই হয়, ‘ভারত’-এর মতো বড় প্রজেক্ট থেকে সরে যাওয়া হয়তো প্রিয়াঙ্কার পেশাগত জীবনের সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি। তবে ‘দেশি গার্ল’ আজও নিজের শর্তে বাঁচেন, নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখেন—এটাই তাঁকে আলাদা করে তোলে।