'দ্য ওয়ালে'র প্রশ্ন শুনে উদয় একবাক্যে স্বীকার করেন, 'সত্যি সময় দিতে পারছি না। ইচ্ছে করে নয়, কাজের সত্যি খুব চাপ। ও সেটা বোঝে। তবে এটা ঠিক, যে আমার ওপর অভিমান করে বসে আছে অনামিকা।'

শেষ আপডেট: 12 February 2026 14:10
জয়িতা চন্দ্র
দ্য ওয়াল ব্যুরো: উদয় প্রতাপ সিং। পর্দায় এখন দাপটের সঙ্গে রাজত্ব করছে 'রায়ান'। ধারাবাহিকে শুরুতে যিনি কটাক্ষের শিকার হয়েছিলেন, আজ তাঁর কাঁধেই TRP-র বড় দায়িত্ব। টানা টপ লিস্টে থাকা ধারাবাহিক ‘পরিণীতা’ নিয়ে তাই উদয়ের ব্যস্ততাও তুঙ্গে। তবে এক সংসার সামলাতে গিয়ে যে অন্যদিকে বিপত্তি! অভিমানের পাহাড় জমিয়ে বসে আছে মনের মানুষ। 'অনামিকা কি সত্যি রেগে?'
'দ্য ওয়ালে'র প্রশ্ন শুনে উদয় একবাক্যে স্বীকার করেন, 'সত্যি সময় দিতে পারছি না। ইচ্ছে করে নয়, কাজের সত্যি খুব চাপ। ও সেটা বোঝে। তবে এটা ঠিক, যে আমার ওপর অভিমান করে বসে আছে অনামিকা।'
তাহলে রাগ ভাঙাতে কী কী করছে উদয়?
সময়টাই তো চাই। রাত ১০টার পরের সময়টা আমাদের। দু'জনের। তখন আমরা আমাদের মতো করে সময় কাটাই। তবে সিরিয়াল সেটে অনেকটা সময় দিতে হয়। ব্যাঙ্কিং-এর চাপ থাকে। কাজ নিয়েই সারাদিন কেটে যায়। আরে রাগ-অভিমান মুখের কথা। মনের কথা অন্য (এক গাল হাসি)।
প্রেম দিবসে কী প্ল্যান?
আমরা যেটুকু সময় একসঙ্গে থাকি, সেটুকু সময়ই সেলিব্রেশন। সময় করে ডিনারে যাওয়া, মাঝে মধ্যে উপহার দেওয়া-নেওয়া চলতেই থাকে আমাদের। তার জন্য়ে কোনও বিশেষ দিনের প্রয়োজন পরে না। আর এবারের প্রেম দিবস কাটবে সেই-- সেটেই। তবে রাত ১০টার পর বাড়ি ফিরে কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান তো থাকবেই।
চারিদিকে এত বিচ্ছেদের খবরে চোখ পড়ে?
কিছুই এড়ায় না। বিষয় হল কোনটা নেব আর কোনটা নেব না। আমরা একে অপরের ঠিক কতটা কাছের, তার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কারণ ওটা উদয়। মানুষ রায়ানকে চেনে, রায়ানের পর্দার প্রেম নিয়ে আলোচনা হোক, সেটাই কাম্য। ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় খুব একটা কান দিতে চাই না। ধারাবাহিকের যেমন একটা বড় দায়িত্ব আছে, ব্যক্তিজীবনেও তেমনই দায়িত্ব রয়েছে। আর দুটো একেবারে ভিন্ন জগত। দুই ক্ষেত্রে আমিও মানুষটা আলাদা। তাই কে কী বলছে, কে কী লিখছে, সেটা আমাদের সত্যি-ই ভাবায় না। কাজের জন্যে এই পরিশ্রম, পরিবার থেকে দূরে থাকা, সবটাই দর্শকদের জন্যে, সেখানে কোনও ফাঁক রাখতে চাই না।
এরমধ্যে কোনও বিশেষ প্ল্যান রয়েছে?
ছুটি সেভাবে পাই না। তবে মার্চে একটা প্ল্যান আছে। অনেকদিন ধরেই আমরা ঠিক করে রেখেছি। ঘুরতে যাব। তবে ওই এক বা দুদিন।
প্রেম দিবসে অনামিকার উদ্দেশে কী বলবেন?
সত্যি বলব? কিছুই বলার নেই। কারণ ও সবটা জানে। যা বলব, তার থেকে বেশি বোঝে। এটাই আমার সম্পর্কের সত্যি। যতক্ষণ প্রেম থাকে, ততক্ষণ মান অভিমান থাকে। তবে আমি সত্যি খুব দুঃখিত ও লজ্জিত, সময়টা সত্যি খুব কম দেওয়া হচ্ছে, আমি আমার তরফ থেকে কোনও ফাঁক রাখতে চাই না।