ধারাবাহিকে কাজ করতে করতেই এই ছবির প্রস্তাব পাওয়া। বর্তমানে শেষ হয়েছে সেই ধারাবাহিকের কাজ। এখন কী করছেন দিব্যজ্যোতি? একগুচ্ছ ধারাবাহিক আসছে, আবারও কী নতুন চরিত্রে ফিরছেন তিনি?
.jpeg.webp)
শেষ আপডেট: 10 February 2026 18:58
দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় প্রথমবার অভিনয় করে দর্শকের সামনে এলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। জয় করলেন সকলের মন। দীর্ঘদিন ছোটপর্দায় নায়ক হিসেবে পরিচিত মুখ হলেও, সিনেমার পর্দায় তাঁর এই আত্মপ্রকাশ ছিল বেশ প্রশংসনীয়। একটি চরিত্রকে কেন্দ্র দীর্ঘ দিনের লড়াই। ডায়েটে বড় বদল। লুক পাল্টে ফেলা। পাশাপাশি চেহারার অভিব্যক্তিতে স্নিগ্ধ ছোঁয়া। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গৌরাঙ্গের চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল তাই রাতারাতি।
ধারাবাহিকে কাজ করতে করতেই এই ছবির প্রস্তাব পাওয়া। বর্তমানে শেষ হয়েছে সেই ধারাবাহিকের কাজ। এখন কী করছেন দিব্যজ্যোতি? একগুচ্ছ ধারাবাহিক আসছে, আবারও কী নতুন চরিত্রে ফিরছেন তিনি? নতুন চরিত্রে আপাতত না হলেও, নতুন ভূমিকায় এবার আসতে চলেছেন তিনি। নাহ, ক্যামেরার সামনে নয়, এবার ক্যামেরার পিছনে থাকবেন কিছুদিন।
টলিউড অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক আসছে, তা এখন প্রায় সকলেই জানেন। পরিচালনায় থাকছেন সোহিনী ভৌমিক। আর তাতেই অবজার্ভারের ভূমিকায় কাজ করবেন তিনি। দ্য ওয়াল অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নাহ, পেশা বদল নয়। তবে ক্যামেরার সামনে কাজ করতে গেলে ক্যামেরার পিছনটাও বোঝা দরকার বলে আমার মনে হয়। তাই দেখতে, শিখতে, জানতে এই সিদ্ধান্ত নেওয়া।’
কবে শুরু ছবির কাজ? প্রশ্নে দিব্যর উত্তর, প্রিপ্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি চলছে জোর কদমে। টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা থাকলেও, বড়পর্দার এই প্রথম সুযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছিলেন দিব্যজ্যোতি। ছবির মুক্তির পর থেকেই তাঁকে ঘিরে নতুন কাজের আলোচনা শুরু হয়েছে। তবে অভিনয় থেকে তিনি সরে যাচ্ছেন না একেবারেই। বরং সেখানে আরও দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করতেই এবার হোমওয়ার্ক চলছে জোর কদমে।
দিব্যজ্যোতি জানান, বর্তমানে ধারাবাহিক, ওয়েব সিরিজ় এবং সিনেমা—তিন মাধ্যম থেকেই কাজের প্রস্তাব এসেছে। কিন্তু অভিনেতা হিসেবে কোন কাজ তিনি করতে চলেছেন তা নিয়েই এখনই কথা বলা সম্ভবপর নয় বলেই জানান। তবে শীঘ্রই মিলবে সুখবর।
এই মুহূর্তে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতেই ব্যস্ত দিব্যজ্যোতি। নিয়মিত শরীরচর্চা ও কড়া ডায়েটের মধ্যেই তাঁর দিন কাটছে। নতুন কাজ নিয়ে এখনও কোনও বৈঠক শুরু না হলেও, খুব শীঘ্রই দর্শকদের জন্য নতুন খবর শোনাতে পারবেন বলেই আশাবাদী অভিনেতা।