প্রস্তুতিতেই রাতদিন এক করছেন অভিনেত্রী। পর্দায় এবার মহুয়া রায়চৌধুরী (Mahua Roy Chowdhury Biopic) তিনি। ফলে চ্যালেঞ্জটাও বেশ কঠিন। সে সত্য অজানা নয় অঙ্কিতার। ফলত, নিজের হোমওয়ার্কে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ তিনি।

শেষ আপডেট: 11 February 2026 14:05
দ্য ওয়াল ব্যুরো: অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। পর্দায় তিনি সকলের প্রিয় ‘জগদ্ধাত্রী’ (Bengali Serial Jagadhatri)। তবে সেই চরিত্রের ঘোর কাটিয়ে এবার নিজেকে নতুন রূপে মেলে ধরতে চলেছেন অভিনেত্রী। যদিও সে খবর টলিপাড়ায় নতুন নয়। ছোটপর্দায় দিনের পর দিন TRP-র কড়া টক্করে প্রথমস্থান দখল করে রেখেছিলেন তিনি। এবার পালা বড়পর্দায় পসার জমানোর। আর সেই প্রস্তুতিতেই রাতদিন এক করছেন অভিনেত্রী। পর্দায় এবার মহুয়া রায়চৌধুরী (Mahua Roy Chowdhury Biopic) তিনি। ফলে চ্যালেঞ্জটাও বেশ কঠিন। সে সত্য অজানা নয় অঙ্কিতার। ফলত, নিজের হোমওয়ার্কে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ তিনি।
কীভাবে নিচ্ছেন প্রস্তুতি?
ওয়ার্কশপ চলছে। প্রতিদিন চরিত্রটার মধ্যে একটু একটু করে ঢুকছি। মহুয়া রায়চৌধুরীর ছবিগুলো দেখা শুরু করেছিলাম আগে থেকেই। ধারাবাহিকে কাজ করতে করতেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছিলাম। শুটিং-এর ফাঁকে, আসা-যাওয়ার মাঝে, যখনই সময় পাচ্ছিলাম, তখনই লেখাপড়া করছিলাম। যেভাবে এতদিন জগদ্ধাত্রী চরিত্রের জন্যে নিজেকে তৈরি করেছিলাম, সেভাবেই এবার নতুন চরিত্র হয়ে ওঠার চেষ্টা করছি। সবকিছুই খুব ভালভাবে চলছে। ওনাকে নিয়ে একটি বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে, মালবিকা দাশগুপ্তের লেখা। সেটাও পড়লাম।
‘বায়োপিক’ মুক্তি মানেই সম-আলোচনা, তুলনা টানা প্রসঙ্গে ভয় করেনি?
নাহ, এই চিন্তাগুলো নেই। এটা নিয়ে ভেবে খুব একটা কিছু করতে পারব না। এটুকু জানি নিজের সেরাটা দিতে হবে। সেই চেষ্টা করে চলেছি। আমার কাছে এটা খুব বড় সুযোগ।
প্রসঙ্গত, এই ছবিতে চরিত্রের ঘনঘটা। সোহিনী ভৌমিক পরিচালিত এই বায়োপিকে থাকছেন দিব্যাণী মণ্ডল, থাকার সম্ভাবনা দেবলীনা নন্দীরও। ক্যামেরার পিছনে থাকছেন দিব্যজ্যোতি দত্ত। বর্তমানে ছবির প্রি-প্রোডাকশনে কাজ চলছে পুরো দমে। শীঘ্রই ফ্লোরে নামবে ছবি। তার আগে প্রস্তুতি চলছে এখন পুরো দমে।