১৯ মার্চ মুক্তির কথা থাকলেও ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ পিছিয়ে গেল। কবে আসছে?

‘টক্সিক’
শেষ আপডেট: 4 March 2026 14:33
দ্য ওয়াল ব্যুরো: দোলের সময় বড় বাজেটের ছবি মুক্তির রেওয়াজ থাকলেও এ বছর সেই ছবি দেখা যায়নি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, আর মাত্র দু’সপ্তাহের ব্যবধানে একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল দুই বহুচর্চিত ছবি, ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) এবং যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ (Toxic Movie)। এই দ্বৈরথের আশঙ্কাতেই নাকি অন্য নির্মাতারা দোলের সময় ছবি মুক্তির ঝুঁকি নেননি।
দুটি ছবিকে ঘিরেই দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। কে কাকে টেক্কা দেবে, বক্স অফিসে কার দাপট বেশি হবে, তা নিয়ে জল্পনাও কম ছিল না। তবে সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন খোদ যশ। সমাজমাধ্যমে তিনি ঘোষণা করেছেন, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’-এর মুক্তি পিছিয়ে যাচ্ছে। নতুন মুক্তির তারিখ ৪ জুন। অর্থাৎ প্রায় আড়াই মাস দেরিতে প্রেক্ষাগৃহে আসবে ছবি।
যশ জানিয়েছেন, ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত, বৈশ্বিক দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। ১৯ মার্চ মুক্তির জন্য তাঁরা প্রস্তুত ছিলেন। কিন্তু বর্তমান আন্তর্জাতিক অনিশ্চয়তা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জেরে দূরবর্তী দর্শকদের কাছে পৌঁছনোর ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে মনে করেছেন নির্মাতারা। অংশীদার ও দর্শকদের স্বার্থ বিবেচনা করেই এই কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯ মার্চই মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধুরন্ধর ২’-এর। একই দিনে যশের প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক’ মুক্তি পাওয়ার কথা থাকায় স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়ছিল। রণবীর কাপুরদের অ্যাকশন-স্পাই থ্রিলার বনাম যশের ‘বড়দের রূপকথা’, কোন ছবি বেশি দর্শক টানবে, তা নিয়ে ছিল তুমুল চর্চা। শোনা যাচ্ছিল, অগ্রিম টিকিট বিক্রিতেও এগিয়ে রয়েছে ‘ধুরন্ধর’।
তবে ‘টক্সিক’-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় আপাতত সেই মুখোমুখি লড়াই আর হচ্ছে না। ফলে ‘ধুরন্ধর ২’ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজারে ব্যবসার সুযোগ পাবে। এমনকি অনেকের মতে, ‘টক্সিক’ প্রেক্ষাগৃহে আসতে আসতে ‘ধুরন্ধর ২’-এর ওটিটি মুক্তিও হয়ে যেতে পারে।