‘মীরা’ চরিত্রে অভিনয় করছিলেন তন্বী লাহা রায় (Tanvi Laha Roy)। খলনায়িকার চরিত্র হয়েও অল্প সময়ে তিনি আলাদা করে নজর কেড়েছিলেন দর্শকদের। সম্প্রতি গল্পে যে তাঁকে দেখা যাচ্ছে না, তাও লক্ষ্য করেছেন অনেকে।

শেষ আপডেট: 20 February 2026 18:22
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্লটে বড়সড় পরিবর্তন। গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ‘মীরা’-কে আর দেখা যাচ্ছে না পর্দায়। আর এই আকস্মিক অনুপস্থিতি ঘিরেই দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল ও আক্ষেপ।
‘মীরা’ চরিত্রে অভিনয় করছিলেন তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। খলনায়িকার চরিত্র হয়েও অল্প সময়ে তিনি আলাদা করে নজর কেড়েছিলেন দর্শকদের। সম্প্রতি গল্পে যে তাঁকে দেখা যাচ্ছে না, তাও লক্ষ্য করেছেন অনেকে। কেউ কেউ হয়তো অভিনেত্রীর পর্দায় ফেরার জন্যে অপেক্ষাও করছিলেন। তবে এবার খোদ তন্বী সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে স্পষ্ট ইঙ্গিত দিলেন, ধারাবাহিকে তাঁর যাত্রা আপাতত শেষ।
পোস্টে তিনি জানিয়েছেন, চরিত্রটির আরও অনেক দিক দেখানোর ছিল, অনেক কথা বলা বাকি ছিল। কিন্তু গল্প যেন হঠাৎ করেই অন্য মোড় নিয়েছে। দর্শকদের ভালবাসা ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
কী লিখলেন তন্বী?
শেষবার মীরা হয়ে লিখছি, ভাবিনি মীরার গল্পটা এভাবে অসম্পূর্ণ হয়ে থাকবে। এখনও অনেক না বলা কথা ছিল। অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি ছিল। ভাল হওয়া বাকি ছিল। তার চোখে ছিল হাজারটা না বলা কথা। সেগুলো না বলাই থেকে যাবে ভাবিনি। আমাকে অনেকদিন দেখা যানি বলে তোমাদের যে মেসেজ গুলো পেয়েছি, তা সব অনুভব করেছি। তোমরা শুধু মীরাকে দেখোনি, তোমরা আপন করে নিয়েছিলে। বিদায় বলা খুব কঠিন। বিশেষ করে গল্পটা যখন শেষ হয় না। কেন মীরাকে বিরতি দিল এভাবে আমিও জানি না। আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল।
ধারাবাহিকের কাহিনি এখন মূলত আর্য ও অপর্ণাকে ঘিরে আবর্তিত। পূর্বজন্মের রহস্য, রাজনন্দিনীর আবির্ভাব—সব মিলিয়ে গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। এই পরিবর্তনের মধ্যেই একাধিক পার্শ্বচরিত্রের গুরুত্ব কমে এসেছে বলে মনে করছেন অনেকেই। মীরার অনুপস্থিতিও সেই ধারাবাহিকতারই অংশ কি না, তা স্পষ্ট নয়।
এরই মাঝে শুটিং সেটে ঘটেছে আরেক চাঞ্চল্যকর ঘটনা। অভিনেত্রী Soumili Das দাবি করেছেন, মেকআপ রুমের আয়নায় দেখা গিয়েছিল অদ্ভুত হাত-পায়ের ছাপ। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা Shyamasish Pahari-ও। যদিও ঘটনার বাস্তব কারণ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি, তবু তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
সব মিলিয়ে, একদিকে গুরুত্বপূর্ণ চরিত্রের বিদায়, অন্যদিকে সেটে রহস্যময় ঘটনার দাবি—দু’য়ে মিলে আলোচনায় উঠে এসেছে এই ধারাবাহিক। মীরার অধ্যায় কি সত্যিই শেষ, নাকি ভবিষ্যতে কোনও চমক অপেক্ষা করছে—সেই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।