প্রচুর বন্ধুদের সঙ্গে মেলামেশা করা, হইহই করা উচিত। ভাল নাটক দেখা, ধ্রুপদী গান শোনা, ভাল ছবি দেখা এগুলোই হার্ট ভাল রাখার ওষুধ।

শেষ আপডেট: 7 September 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল আরোগ্য (The Wall Arogya) অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউড অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh) ও অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)। দেবদূত 'প্রতিবিম্ব' সিরিয়াল করে প্রথম বিপুল জনপ্রিয়তা পান। এরপর সিরিয়াল, ছবি থেকে মঞ্চ নাটক সবেতেই তাঁর অবাধ বিচরণ। প্রায় দু দশকের বেশি অভিনয় জীবনে কাটিয়ে ফেলে চরিত্রাভিনেতার রোলেও তিনি দাপুটে অভিনেতা। পাশাপাশি বামপন্থী রাজনীতিতেও দেবদূত এখন জনপ্রিয় মুখ।
অন্যদিকে সায়ন্তনী মডেলিং থেকে অভিনয় দুদিকেই সমান ভাবে কাজ করে চলেছেন। সিরিয়াল থেকে ছবি খুব বেছে করেন তিনি। বর্তমানে তিনি একটি পি আর অ্যাজেন্সিও চালান।
দ্য ওয়াল আরোগ্যতে উপস্থিত হয়ে হার্ট ভাল রাখার আর্ট (Heart Bhalo Rakhar Art) নিয়ে দেবদূত ঘোষ জানালেন 'কোন মানসিক চাপ রাখা উচিত নয়। চাপ কমানো, তাড়াতাড়ি ঘুমোনো, হালকা খাবার খাওয়া আর
প্রচুর বন্ধুদের সঙ্গে মেলামেশা করা, হইহই করা উচিত। ভাল নাটক দেখা, ধ্রুপদী গান শোনা, ভাল ছবি দেখা এগুলোই হার্ট ভাল রাখার ওষুধ।'
এত চাপের মধ্যে কী দেবদূত নিজের হার্ট ভাল রাখতে পারছেন?
দেবদূত বললেন 'আমার বন্ধু ডাক্তাররা সেই দায়িত্বটা পালন করেন। আমার হার্টের চেকআপ বছরে একবার হয়। আমার ডাক্তার বন্ধুরা বলেছে মধ্য বয়সে আমি পৌঁছলেও একজন যুবকের মতো আমার হৃদয় রয়েছে এখনও।'
অন্যদিকে দ্য ওয়াল আরোগ্যতে এসে সায়ন্তনী গুহঠাকুরতা বললেন 'মন না ভাল থাকলে হার্ট কী করে ভাল থাকবে? স্ট্রেস বেশি নিলে তো হার্টের পক্ষেও বিপদ। হার্ট শুধু নয়, শরীরের সবকিছু খারাপের জন্য এই স্ট্রেসটা কিন্তু দায়ী। অন্যকে বেশি হৃদয় না দিয়ে নিজের হৃদয় খুশি রাখো।'