লাইট-ক্যামেরা-অ্যাকশন, আর তারপর, সব শেষে। সত্যি যেন এখবর মেনে নেওয়ার নয়। এই সত্যি মানতে পারছেন না কেউ। এই মৃত্যুর দায় কে নেবে? উঠছে প্রশ্ন। কাঁদতে কাঁদতে অভিনেত্রী চৈতি ঘোষাল বলেছিলেন, 'এই মৃত্যুর দায় আমাদের সকলকে নিতে হবে'।

শেষ আপডেট: 31 March 2026 19:22
দেবারতি চক্রবর্তী
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে (Rahul Arunodoy Banerjee News) শোকস্তব্ধ গোটা বাংলা। এভাবেও চলে যাওয়া যায়? শুটিং করছিলেন তালসারিতে। লাইট-ক্যামেরা-অ্যাকশন, আর তারপর, সব শেষে। সত্যি যেন এখবর মেনে নেওয়ার নয়। এই সত্যি মানতে পারছেন না কেউ। এই মৃত্যুর দায় কে নেবে? উঠছে প্রশ্ন। কাঁদতে কাঁদতে অভিনেত্রী চৈতি ঘোষাল বলেছিলেন, 'এই মৃত্যুর দায় আমাদের সকলকে নিতে হবে'। তদন্তের দাবি করেন প্রতিটা শিল্পী। কেন চুপ প্রযোজনা সংস্থা, তা নিয়েও উঠছে প্রশ্ন। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল? সকলের মনে ধোঁয়াশা বর্তমান।
তবে একটা প্রশ্ন ছিল স্পষ্ট, 'অভিনেতাদের নিরাপত্তা কোথায়?' গোটা ইউনিটের সামনে কীভাবে তলিয়ে গেলেন অভিনেতা? সোমবার চোখের জলে রাহুলকে ((Rahul Arunodoy Banerjee Death) শেষ বিদায় জানায় টলিউড। তবে এই ক্ষত যেন মেটার নয়। হাজারও প্রশ্ন এখন সকলের মনে। নড়েচড়ে বসছেন অভিনেতারাও। কখনও সংবাদ মাধ্যমের সামনে, কখনও আবার সোশ্যাল মিডিয়ার পাতায়, নিরাপত্তার দায়িত্ব কে নেবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। সেই মর্মেই কি আর্টিস্ট ফোরামের মিটিং ডাকা হয়েছিল মঙ্গলবার?
নাহ, তেমনটা নয়। সূত্রের খবর, বহু আগে থেকেই আজকের মিটিং-এর দিন স্থির করা ছিল। কিছু নির্দিষ্ট দিনে এই মিটিং হয়ে থাকে। তেমনই একটি নির্ধারিত তারিখ। তবে মিটিং-এ খুব বেশি সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেল না। সম্ভবত, রাহুলের প্রয়াণ একটি অন্যতম কারণ হতে পারে। তবে এই মিটিং যদি সফল হতো, তবে তার আলোচনায় নিঃসন্দেহে উঠে আসত অভিনেতাদের নিরাপত্তার কথা।
‘যদি সফল হত’, কেন বলা হচ্ছে?
কারণ, কিছুক্ষণের মধ্যেই মিটিং ছেড়ে একের পর এক সদস্যদের বেরিয়ে যেতে দেখা গেল। সকলেই চুপ। সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন না কেউ। তবে পরিস্থিতি দেখে বোঝা গেল, কোনও এক অজ্ঞাত কারণ বশত ভেস্তে গিয়েছে এই মিটিং। ‘কিছু বলার নেই’, বলে চলে গেলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রানা মিশ্র, বাসবদত্তা চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায় সহ আরও বেশকিছু জন।
কেন এই মিটিং সফল হল না, সে সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে সদস্যদের আচমকা বেরিয়ে যাওয়া, সংবাদ মাধ্যমেরা সামনে মুখ না খোলা, এদিন স্পষ্ট ইঙ্গিদ দিল, কোনও এক কারণ বশত কিছু সমস্যা হয়েছে। পরবর্তী মিটিং কবে? কী নিয়ে সেই মিটিং-এ আলোচনা হবে? আবারও অভিনেতাদের নিরাপত্তা নিয়ে বসা হবে কি না? বর্তমানে এই প্রশ্ন থেকেই গেল।