এবার সেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে তাঁদের বাড়িতে পৌঁছে গেলেন রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখা করেন বিজয় ও রশ্মিকার সঙ্গে এবং তাঁদের বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ জানান।
.jpeg.webp)
শেষ আপডেট: 6 March 2026 15:25
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকেই দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-কে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে অনুরাগীরা। উদয়পুরে বিয়ের পর নববধূকে নিজের হায়দরাবাদের বাড়িতে নিয়ে এসে বিজয় বলেছিলেন, “তেলেগু রাজ্য নতুন বউমা পেল, সবাই রশ্মিকার খেয়াল রাখবেন।” সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীরা।
এবার সেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে তাঁদের বাড়িতে পৌঁছে গেলেন রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখা করেন বিজয় ও রশ্মিকার সঙ্গে এবং তাঁদের বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ জানান।
কয়েক দিন আগেই হায়দরাবাদের এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বিজয়–রশ্মিকার জমকালো রিসেপশন। সেখানে দক্ষিণী চলচ্চিত্রজগতের একাধিক তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেখা গিয়েছিল আল্লু অর্জুন ( Allu Arjun), রাম চরণ (Ram Charan), নাগার্জুন (Nagarjuna), নাগা চৈতন্য (Naga Chaitanya), করণ জোহর (Karan Johar), কৃতি স্যানন (Kriti Sanon), রবি তেজা (Ravi Teja)-সহ আরও অনেককে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী (D. K. Shivakumar)-ও। তবে ব্যস্ততার কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রেবন্ত রেড্ডি।
বিয়ের আগেই বিজয় ও রশ্মিকা গিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজে বিজয়ের বাসভবনে যান। সঙ্গে ছিল ফুলের তোড়া ও উপহার। সেখানে নবদম্পতির সঙ্গে দেখা করে তাঁদের আশীর্বাদ করেন এবং রশ্মিকার হাতে উপহার তুলে দেন।
এই সাক্ষাতের মুহূর্তের ছবি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজয় দেবেরাকোন্ডা। পোস্টে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, তেলেঙ্গানার মাননীয় মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে এসে আশীর্বাদ করেছেন—এই স্নেহ ও ভালোবাসার জন্য তাঁরা কৃতজ্ঞ। একই পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন রশ্মিকাও। তাঁর কথায়, এই আশীর্বাদ তাঁদের কাছে অত্যন্ত মূল্যবান।
বিয়ের পর থেকেই তাই বিজয়–রশ্মিকার নতুন জীবনের প্রতিটি মুহূর্ত ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস আরও বাড়ছে। এখন তেলেঙ্গানার ‘নতুন বউমা’কে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।