রজনীকান্ত–ধনুশদের পাড়ায় নতুন ঠিকানা! চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।

‘লেডি সুপারস্টার’ নয়নতারা
শেষ আপডেট: 6 March 2026 13:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতের দক্ষিণী ছবির দুনিয়ায় তাঁকে ডাকা হয় ‘লেডি সুপারস্টার’ নামে। কথা হচ্ছে অভিনেত্রী নয়নতারার (Nayanthara)। চেন্নাইয়ের সবথেকে ভিভিআইপি এলাকা হিসেবে পরিচিত ‘পোয়েস গার্ডেন’-এ একটি বিশাল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনলেন তিনি। যার বাজারমূল্য প্রায় ৩১.৫ কোটি টাকা।
কেমন সেই নতুন বাড়ি?
নথি অনুযায়ী, এই ডুপ্লেক্সটি একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের চতুর্থ ও পঞ্চম তলা জুড়ে অবস্থিত। প্রায় ১৪ হাজার বর্গফুটের এই বিশাল বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এমনকি গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে আটটি জায়গাও সংরক্ষিত রাখা হয়েছে। এই ডুপ্লেক্সের ৯০ শতাংশের মালিক নয়নতারা নিজে এবং বাকি ১০ শতাংশের মালিক তাঁর স্বামী, পরিচালক বিঘ্নেশ শিবন।
চেন্নাইয়ের পোয়েস গার্ডেন এলাকাটি বিখ্যাত সব ব্যক্তিত্বদের বসবাসের জন্য পরিচিত। এখানে আগে থেকেই বাড়ি রয়েছে মেগাস্টার রজনীকান্ত এবং অভিনেতা ধনুশের। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাও এই এলাকারই বাসিন্দা ছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন নয়নতারা-বিঘ্নেশ দম্পতি।
নয়নতারা শুধু পর্দায় সফল নন, ব্যবসার জগতেও তাঁর আধিপত্য চোখে পড়ার মতো। প্রায় ২০০ কোটি টাকার বেশি সম্পত্তির মালকিন এই অভিনেত্রী নিজের একটি স্কিনকেয়ার ব্র্যান্ড (‘নাইন স্কিন’) এবং নারীদের স্বাস্থ্যবিষয়ক সংস্থা (‘ফেমি৯’) চালান। এছাড়া স্বামী বিঘ্নেশের সঙ্গে তাঁর নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে। চেন্নাই ছাড়াও হায়দরাবাদ এবং কেরালায় তাঁর একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে।
নতুন এই সম্পত্তি কেনার খবর সামনে আসতেই অনুরাগী মহলে খুশির হাওয়া। রুপালি পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও যে তিনি একজন সফল ‘কুইন’, তা আরও একবার প্রমাণ করলেন নয়নতারা।