বিজয় দিবসে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর টিজার। ২৭ বছর পর মেজর কুলদীপ সিং হয়ে ফিরলেন সানি দেওল।

‘বর্ডার ২’
শেষ আপডেট: 16 December 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৭ সালের কালজয়ী সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েলের ঘোষণা আগেই হয়েছিল। এবার সেই অপেক্ষার অবসান। বিজয় দিবসের দিন ফের গর্জে উঠল ‘বর্ডার’। দীর্ঘ ২৭ বছর পর দেশপ্রেম, নস্ট্যালজিয়া আর গর্বের আবেগকে একসুতোয় বেঁধে প্রকাশ্যে এল বহুপ্রতীক্ষিত ‘বর্ডার ২’-এর প্রথম ঝলক (Border 2 teaser)।
যুদ্ধক্ষেত্রে টিম নিয়ে ফিরে এলেন মেজর কুলদীপ সিং অর্থাৎ সানি দেওল(Sunny Deol)। সেনাজওয়ানের পোশাকে, হাতে মেশিন গান, সেই চেনা ‘ঢাই কিলো কা হাত’-এর শক্তি আর চোখেমুখে অদম্য দৃঢ়তা, সব মিলিয়ে টিজারেই স্পষ্ট, এবারও লড়াই দেশের জন্য। টিজারে শোনা গেল সেই সংলাপ, ‘আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব। আমাদের গর্জন লাহোর অবধি শোনা যাবে।’ এই এক সংলাপেই পুরনো দিনের আবেগে ভেসে গিয়েছেন অনুরাগীরা।
মঙ্গলবার টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই নস্ট্যালজিয়ার ঢেউ ছড়িয়ে পড়ে। সেই শিহরণ, সেই গর্ব ‘বর্ডার’-এর নাম শুনলেই যে অনুভূতি তৈরি হয়, টিজারেই তার পূর্ণ ঝলক মিলেছে। হাইভোল্টেজ অ্যাকশন আর তীব্র সংলাপে উত্তেজনার পারদ চড়িয়েছে প্রথম ঝলকটি।
‘বর্ডার ২’ পরিচালনা করছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং অহন শেট্টিকে। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে সীমান্তের রক্ষকরা নিজেদের দেশমাতৃকার জন্য উৎসর্গ করেন, সেই ছবিই টিজারে তুলে ধরা হয়েছে।
বলিউড সূত্রে খবর, এবার ছবির কাহিনি সাজানো হয়েছে ১৯৭১ সালের ভারত–পাক যুদ্ধের প্রেক্ষাপটে। শুধু অ্যাকশন নয়, গল্পেও থাকবে টানটান উত্তেজনা আর আবেগের গভীরতা। টিজারের সঙ্গেই নির্মাতারা ঘোষণা করেছেন মুক্তির দিনক্ষণও। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের আগে, ২৩ জানুয়ারি মুক্তি পাবে ‘বর্ডার ২’।
এই মেগাবাজেট ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালেই ভূষণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত একসঙ্গে ‘বর্ডার ২’-এর ঘোষণা করেছিলেন, যা ভারতীয় সিনেমার অন্যতম বড় যুদ্ধচিত্রের সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে।
আরও একটি চমক রয়েছে ছবিতে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও দর্শকের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে সংগীত। জানা গিয়েছে, অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে ফের শোনা যাবে সেই আইকনিক গান ‘সন্দেশে আতে হ্যায়’। সঙ্গে থাকবে ভরপুর অ্যাকশন, আবেগ আর দেশপ্রেমের আবহ।
‘বর্ডার’ মানেই ভারতীয় সিনেদর্শকের কাছে এক টুকরো নস্ট্যালজিয়া। এত বছর পরে সেই স্মৃতিকে নতুন করে বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন অনুরাগ সিং এবং জেপি দত্তর কন্যা নিধি দত্ত। টিজার দেখেই যে অনুরাগীদের উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।