দীপান্বিতা এবং গৌরব—দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা। পশুপ্রেমী হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত দীপান্বিতা। তাঁর কাছে রয়েছে একাধিক চারপেয়ে সন্তান। সেই সূত্রেই পশুচিকিৎসক গৌরবের সঙ্গে আলাপ।
.jpg.webp)
শেষ আপডেট: 16 December 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল ডিসেম্বরে বিয়ে। সেই কথা রাখলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দীপান্বিতা রক্ষিত, যাঁকে দর্শক বেশি চেনে ‘খুকুমণি’ নামেই। মঙ্গলবার সন্ধ্যায় আইনি বিয়ের সুখবর নিজেই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক গৌরব দত্তর সঙ্গে সই-সাবুদ করে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। খুকুমণির পাত্র কোনওভাবেই বিনোদুনিয়ার মানুষ নন। পেশায় তিনি একজন পশুচিকিৎসক।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত দীপান্বিতা। প্রেম কিংবা বিয়ে—কোনও বিষয়েই এতদিন প্রকাশ্যে বিশেষ কথা বলেননি। তবে স্বামী-স্ত্রী হওয়ার পর আর লুকোছাপা নয়। বিয়ের পরই সম্পর্কে অফিসিয়াল সিলমোহর দিলেন অভিনেত্রী। নিজের সমাজমাধ্যমের পাতায় বিয়ের একাধিক ছবি ভাগ করে নিয়ে দীপান্বিতা লেখেন, ‘অফিসিয়ালি ম্যারেড… ১৫.১২.২০২৫’। অর্থাৎ সোমবারই আইনি বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন দু’জনে।
ছবিতে দেখা যাচ্ছে, আইনি বিয়ের জন্য দু’জনেই বেছে নিয়েছেন সোনালি রঙ। দীপান্বিতার পরনে ছিল সোনালি টিস্যু সিল্কের শাড়ি। গলায় হিরের নেকলেস, কানে মানানসই দুল—ছিমছাম অথচ এলিগ্যান্ট সাজেই ধরা দিলেন অভিনেত্রী। বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বল করছে স্বামীর পরানো হিরের আংটি। অন্যদিকে, বউয়ের সঙ্গে রং মিলিয়ে সোনালি পাঞ্জাবিতে নজর কাড়লেন গৌরব দত্ত। আইনি বিয়ের মুহূর্তে আংটি বদলও সেরেছেন নবদম্পতি।
দীপান্বিতার এই সুখবর পেয়ে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তাঁর অনস্ক্রিন বর রাহুল মজুমদার থেকে শুরু করে সহ-অভিনেত্রী খেয়ালি মণ্ডল এবং অসংখ্য অনুরাগী সমাজমাধ্যমে শুভেচ্ছা জানান নতুন দম্পতিকে।

দীপান্বিতা এবং গৌরব—দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা। পশুপ্রেমী হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত দীপান্বিতা। তাঁর কাছে রয়েছে একাধিক চারপেয়ে সন্তান। সেই সূত্রেই পশুচিকিৎসক গৌরবের সঙ্গে আলাপ। প্রায় চার বছর ধরে একে অপরকে চেনেন তাঁরা। গত এক বছর ধরে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। অবশেষে আইনি বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন এই জুটি।
কাজের দিক থেকেও ব্যস্ত সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন দীপান্বিতা। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে দর্শক তাঁকে দেখেছেন। তবে জনপ্রিয়তার শিখরে পৌঁছন ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের হাত ধরেই। খুব শীঘ্রই আবার ছোট পর্দায় ফিরছেন তিনি। শোনা যাচ্ছে, স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন মেগা ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’। এই ধারাবাহিকে শুভ্রজিৎ সাহার বিপরীতে দেখা যাবে দীপান্বিতাকে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে সঙ্গে কেরিয়ারেও যে নতুন ইনিংস শুরু করতে চলেছেন খুকুমণি, তা বলাই বাহুল্য।