গোবিন্দার ‘পরকীয়া’ নিয়ে মুখ খুললেন সুনীতা! কীভাবে স্বামীর প্রেমের খবর রাখতেন স্ত্রী?

গোবিন্দা ও সুনীতা
শেষ আপডেট: 27 February 2026 18:45
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বহুমুখী অভিনেতাদের তালিকায় অন্যতম নাম গোবিন্দা (Govinda)। কমেডি, অ্যাকশন, রোম্যান্স—সবেতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর নাচও দর্শকদের কাছে আলাদা আকর্ষণ। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিগত জীবনই বেশি করে শিরোনামে। স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja) বারবার তাঁর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন।
এই গুঞ্জনের মাঝেই সম্প্রতি মুখ খুলেছেন গোবিন্দা। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর কথায়, “কখন আমাকে অভিযুক্ত করা হয়নি? আপনি যাঁর কথা বলছেন, তিনি আমার শৈশবের প্রেম।” অর্থাৎ সম্পর্কের জল্পনাকে তিনি সরাসরি নস্যাৎ করেছেন।
এদিকে এই বিতর্কের আবহে ভাইরাল হয়েছে সুনীতার একটি পুরনো সাক্ষাৎকারের ক্লিপ। জনপ্রিয় টক শো Rendezvous with Simi Garewal-এ অতিথি হিসেবে হাজির হয়ে তিনি মজার ছলেই একাধিক মন্তব্য করেছিলেন। আড্ডার ফাঁকে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, গোবিন্দের সহ-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের গুজব নিয়ে তিনি চিন্তিত কি না। উত্তরে সুনীতা বলেছিলেন, “আমি সবসময় ম্যাগাজিন কিনি, গোবিন্দের সর্বশেষ প্রেমের খবর কার সঙ্গে তা দেখার জন্য। ওর সম্পর্কে কোনও খবর না পেলে বরং খারাপ লাগে। ওর প্রেমের খবর পড়তে আমার আগ্রহ থাকে।”
সেই কথোপকথনে রসিকতা করে গোবিন্দ বলেছিলেন, “আমি ভালো অভিনেতা হয়ে উঠছি, কারণ আমার প্রেমের খবর আমি ভালোভাবে লুকিয়ে রাখতে পারি।” তখন সঞ্চালক প্রশ্ন তোলেন, তার মানে কি তিনি কখনও ধরা পড়বেন না? উত্তরে গোবিন্দের জবাব ছিল, “সেটা বলা মুশকিল।”
তবে একই সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি চাপে পড়েন না। তাঁর বিশ্বাস, গোবিন্দা একজন পারিবারিক মানুষ। “তিনি তাঁর সন্তানদের, আমাকে এবং তাঁর মাকে খুব ভালবাসেন”, বলেছিলেন সুনীতা। ফলে গুঞ্জন যতই থাকুক, তাঁদের সম্পর্কের ভিত যে আস্থার উপর দাঁড়িয়ে, সেটাও স্পষ্ট করেছিলেন তিনি।