স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট, অবশেষে মুক্তির পথে ‘দ্য কেরালা স্টোরি ২’

‘দ্য কেরালা স্টোরি ২’
শেষ আপডেট: 27 February 2026 17:46
দ্য ওয়াল ব্যুরো: The Kerala Story 2-এর মুক্তি ঘিরে আইনি জটিলতা আপাতত কাটল। কেরল হাইকোর্ট ছবির উপর জারি থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ছবিটির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা আটকে যায়। তবে নতুন করে আদালতের নির্দেশে এবার মুক্তির পথ প্রশস্ত হল।
বৃহস্পতিবার বিচারপতি Bechu Kurian Thomas ছবির মুক্তিতে স্থগিতাদেশ দেন। সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং নিয়ম মেনে কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে নির্মাতারা উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন। পরে বিচারপতি S A Dharmadhikari ও P V Balakrishnan-এর ডিভিশন বেঞ্চ আগের আদেশ বাতিল করে দেয়। আদালত জানায়, সেন্সরের ছাড়পত্র পাওয়া ছবির মুক্তি স্থগিত রাখার প্রয়োজন নেই। শুক্রবার বিকেল ৪টেয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। যদিও ২৭ ফেব্রুয়ারির নির্ধারিত মুক্তি আইনি জটিলতায় সম্ভব হয়নি, পরবর্তী মুক্তির দিনক্ষণ আলোচনার পর জানাবেন নির্মাতারা।
এই মামলার সূত্রপাত জীববিদ্যা বিশেষজ্ঞ শ্রীদেব নাম্বোদরির দায়ের করা অভিযোগ থেকে। তাঁর দাবি ছিল, ছবির ট্রেলারে কেরলকে অত্যন্ত নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যার সুদূরপ্রসারী প্রভাব সমাজে পড়তে পারে। শুনানির সময় আদালত প্রাথমিকভাবে পিটিশনারের দাবিকে ‘সম্ভবত’ সত্যি বলেই মন্তব্য করে। এরপরই মুক্তিতে স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেন্সর বোর্ডও ভর্ৎসনার মুখে পড়ে।
ছবির টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বাঁধে। সেখানে একাধিক ভীতসন্ত্রস্ত নারীর কাহিনির মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তরিতকরণের অভিযোগ তুলে ধরা হয়েছে।
চরিত্রদের মধ্যে রয়েছেন সুরেখা নাইয়ার ও নেহা সন্তের মতো নাম। নেপথ্য কণ্ঠে শোনা যায়, “আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা, ঘুরে দাঁড়াবে।” কেউ আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখত, কেউ প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হতে চাইত। কেউ আবার ভালোবাসার টানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলেছে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায়—এমনটাই দেখানো হয়েছে টিজার-ট্রেলারে। সেখানে আরও দাবি করা হয়, দেশকে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। এই কারণেই ছবির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বীজ বপনের অভিযোগ উঠেছে প্রথম পর্বের মতোই। সব মিলিয়ে বিতর্ক, আইনি টানাপোড়েন এবং আদালতের হস্তক্ষেপের পর অবশেষে মুক্তির পথে ‘দ্য কেরালা স্টোরি ২’।