অন্দরমহলে খবর ছড়িয়েছে, সঙ্গীতা ইতিমধ্যেই আদালতে লিখিত ডিভোর্স পিটিশন জমা দিয়েছেন। ফলে তাঁদের বহু বছরের সম্পর্ক এবার আইনি বিচ্ছেদের মুখে। ১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়।

শেষ আপডেট: 27 February 2026 17:29
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিল বহুদিন থেকেই। এবার সেই আশঙ্কাই হল সত্যি। ২০২৫-এর মাঝামাঝি থেকেই শোনা গিয়েছিল, দক্ষিণী চলচ্চিত্র (South Indian Actor) জগতের জনপ্রিয় তারকা বিজয় থালাপতি (Thalapathy Vijay) -এর ব্যক্তিগত জীবন আর সুখকর নয়। অর্থাৎ উঠে ছিল বিচ্ছেদের গুঞ্জন। এবার কি সেই জল্পনাই সত্যির পথে? দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে তাঁর স্ত্রী সঙ্গীতা সুরলিঙ্গম (Sangeeta Sornalingam) চেঙ্গালপাট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন বলেই সূত্রের খবর।
ইতিমধ্যেই জমা পড়েছে পিটিশন
অন্দরমহলে খবর ছড়িয়েছে, সঙ্গীতা ইতিমধ্যেই আদালতে লিখিত ডিভোর্স পিটিশন জমা দিয়েছেন। ফলে তাঁদের বহু বছরের সম্পর্ক এবার আইনি বিচ্ছেদের মুখে। ১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক তামিল ইন্ডাস্ট্রিতে এক স্থিতিশীল ও সংযত দাম্পত্যের উদাহরণ হিসেবে নজর কাড়ে। ব্যক্তিগত জীবনকে সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন তাঁরা। খুব কম ক্ষেত্রেই একসঙ্গে প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁদের।
পরকীয়ার জল্পনা
তবে গত কয়েক বছরে সম্পর্কের ভাঙন নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। ২০২১ সালে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিজয়ের নাম জড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়। যদিও সে সময় কোনও পক্ষ থেকেই প্রকাশ্যে কিছু জানানো হয়নি, তবুও গুঞ্জন থামেনি।
এবার সঙ্গীতার আইনি পদক্ষেপ সেই পুরনো জল্পনাকে আবারও উসকে দিল। অনুরাগীদের একাংশের কাছে এই খবর যথেষ্ট অপ্রত্যাশিত, কারণ দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ককে সকলে সুনজরেই দেখেছেন। তাঁদের একসঙ্গে দীর্ঘ দিনের সংসার সকলের প্রশংসাও কুড়িয়েছে। তবে ২০২৬-এ এসে সেই ঘর ভাঙতে বসেছে।
তবে এখনও পর্যন্ত বিজয় বা সঙ্গীতার তরফ থেকে কোনও বিবৃতি রাখা হয়নি। তবে আদালতে এই প্রক্রিয়া কীভাবে এগোয়, সেটাই এখন দেখার। অভিনেতার ব্যক্তিগত জীবনের এই কঠিন পরিস্থিতি যে তাঁর অনুরাগীদের মনে ঝড় তুলেছে, তা বলাই বাহুল্য।