২০১৭ সালে বাবা বীরাপ্পা শেট্টির মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। তার আগে ২০১৪ সাল থেকেই অসুস্থ বাবার দেখাশোনা করতে করতেই তিনি ধীরে ধীরে কাজ থেকে দূরে সরে যান।

সুনীল শেট্টি
শেষ আপডেট: 28 December 2025 20:36
দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড তারকা সুনীল শেট্টি (Suniel Shetty) সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারে দীর্ঘ বিরতি, ব্যক্তিগত সংগ্রাম, ফিটনেস–নির্ভর জীবন এবং নৈতিক অবস্থান নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তাঁর কথায়, বক্স অফিসে হয়তো আর নিয়মিত দেখা যায় না, তবু তাঁর প্রতি তরুণ প্রজন্মের শ্রদ্ধা- এই বিষয়টাকেই তিনি নিজের আসল সাফল্য বলে মনে করেন। এমনকি ৪০ কোটি টাকা পারিশ্রমিকের একটি তামাক বিজ্ঞাপন (Suniel Shetty tobacco ad) তিনি দু'বার না ভেবেই ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি এমন কিছু করতে চান না যাতে তাঁর দুই সন্তান আহান ও আথিয়াকে সমাজের কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়।
২০১৭ সালে বাবা বীরাপ্পা শেট্টির মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। তার আগে ২০১৪ সাল থেকেই অসুস্থ বাবার দেখাশোনা করতে করতেই তিনি ধীরে ধীরে কাজ থেকে দূরে সরে যান। সুনীল জানান, বাবার মৃত্যুর দিনই তাঁর কাছে একটি হেলথ শো-র প্রস্তাব আসে, যা তিনি ঈশ্বরের সংকেত বলে মনে করেছিলেন। এরপরই তিনি ফের কাজে ফেরেন এবং দক্ষিণের কয়েকটি ছবিতেও অভিনয় করেন।
তবে দীর্ঘ বিরতির পর ফের কাজে ফিরতে গেলেই যে আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছিল, সেটাও স্বীকার করেছেন তিনি। তাঁর কথায়, “ছ’–সাত বছর পর যখন সেটে ফিরলাম, মনে হচ্ছিল সবাই নতুন, আমিই যেন অচেনা। নিজেকেও ঠিক চিনতে পারছিলাম না।” তবে করোনার পর তিনি নিজের জীবনকে নতুনভাবে গড়তে শুরু করেন, নিয়মিত ট্রেনিং, বই পড়া এবং ধ্যান তাঁকে আবার মানসিকভাবে হালকা করে দিয়েছিল।
এই আত্মবিশ্বাসই তাঁকে ভুয়ো খ্যাতি বা অর্থের প্রলোভন থেকে দূরে থাকতে সাহায্য করেছে বলে মনে করেন সুনীল (Suniel Shetty)। তাই ৪০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব আসার পরও তিনি তামাকের বিজ্ঞাপন করতে রাজি হননি (Suniel Shetty refused 40 crore deal)। তাঁর স্পষ্ট বক্তব্য, “টাকার জন্য আমি এমন কিছু করব না, যা আমার সন্তানদের নামকে কলঙ্কিত করতে পারে। এখন কেউ আর এই ধরনের অফার নিয়ে আসতেও সাহস পায় না।”
অভিনেতা (Suniel Shetty) আরও বলেন, যদিও তিনি বড় বাজেটের ব্লকবাস্টার দিচ্ছেন না, তবু ১৭-১৮ বছরের তরুণরা আজও তাঁকে রোল মডেল হিসাবে দেখে। “মানুষ আজকাল সততার দিকে আকৃষ্ট হয়”, এই বিশ্বাসই তাঁকে এখনও নিজের জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। মিডিয়ার সমর্থন ও ভক্তদের ভালবাসাই তাঁকে প্রাসঙ্গিক রেখেছে বলে মনে করেন এই ‘বলবান’ অভিনেতা।