ভালবাসা কি সত্যিই বয়স বোঝে? টেলিভিশন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের গল্প যেন সেই প্রশ্নের উত্তর।

সুদীপা চট্টোপাধ্যায় এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 9 July 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা কি সত্যিই বয়স বোঝে? টেলিভিশন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের গল্প যেন সেই প্রশ্নের উত্তর। বয়সে ২১ বছরের ব্যবধান, তবু ১৫ বছরের সম্পর্ক পেরিয়ে এখনও দিব্যি এক ছাদের নীচে দু’জনে। শুধু তাই নয়, এক ব্যক্তিকে তিনি দু’বার বিয়ে করেছেন—সেই কথা প্রথমবারের মতো জানালেন সুদীপা নিজেই।
২০১৭ সালের ৯ জুলাই আইনি মতে বিয়ে করেন সুদীপা ও অগ্নিদেব। তবে তারও বহু আগে থেকে তাঁরা একসঙ্গে ছিলেন। সুদীপা জানিয়েছেন, “একটা বিশেষ স্পিরিচুয়াল কারণে অগ্নিদেবকে আমি দু’বার বিয়ে করেছি—একবার ৫ বছর আগে, আর একবার ৫ বছর পরে। দিনটা একই—৯ জুলাই।”
বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় কিছু অপ্রকাশিত ছবি শেয়ার করে সুদীপা লেখেন, “এই একটি মানুষের সঙ্গে বিগত ১৫ বছরে, এক একটা দিন কেটেছে, এক একটা যুগের মতো। ঈশ্বরের কাছে প্রার্থনা—এই মানুষটাকেই যেন আমি সব জন্মে স্বামী হিসেবে পাই।”
তিনি আরও লেখেন, “আমার স্বামী আমাকে আক্ষরিক অর্থে মানুষ করে তুলেছেন। কীভাবে কথা বলতে হয়, কীভাবে সাজতে হয়, কোন অনুষ্ঠানে কী রঙের পোশাক পরতে হয়—সব শেখানো মানুষ তিনিই। আমি জীবনে যতবার জন্ম নিই, ইঁদুর হই বা ছুঁচো, পাখি হই বা মানুষ—প্রতিবার চাই, অগ্নিদেবই যেন পাশে থাকেন।”
তবে এই সম্পর্কের যাত্রাপথ সব সময় মসৃণ ছিল না। বিয়ের সময় অনেক কটাক্ষ শুনতে হয়েছিল সুদীপাকে। নেটিজ়েনদের একাংশ তাঁকে "ঘরভাঙানি" বলেও আক্রমণ করেছিলেন। তবু সমস্ত সমালোচনার ঊর্ধ্বে থেকে এই সম্পর্ক আজও অটুট।