নিজের কেরিয়ার জীবনে সবচেয়ে বেশি রেকর্ড ভেঙ্গেছিলেন ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকে কিরণ নায়িকা চরিত্রে অভিনয় করে। তাঁর শুরুর দুটো সিরিয়ালই সাহিত্যধর্মী। যে কারণে আরও দর্শকনন্দিত হন ঈপ্সিতা।

শেষ আপডেট: 9 July 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: পান পাতা মুখ, শান্ত স্বভাবের অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। এক বছরের বেশি তিনি ছোট পর্দায় নেই। তাঁকে মিস করছিল টেলিভিশনের দর্শকরা। এবার সুখবর। আবার দর্শকদের অন্দরমহলে ফিরছেন ঈপ্সিতা। তবে আরও সুখবর, একই সাথে বড় পর্দাতেও ফিরছেন এই মিষ্টি অভিনেত্রী।
অভিনয় জগতে জার্নি শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের হাত ধরেই দর্শক মনে ছাপ ফেলেছিলেন ইপ্সিতা। নিজের কেরিয়ার জীবনে সবচেয়ে বেশি রেকর্ড ভেঙ্গেছিলেন ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকে কিরণ নায়িকা চরিত্রে অভিনয় করে। তাঁর শুরুর দুটো সিরিয়ালই সাহিত্যধর্মী। যে কারণে আরও দর্শকনন্দিত হন ঈপ্সিতা।
এরপর ‘চোখের তারা তুই’, ‘সন্ন্যাসী রাজা’,‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘করুণাময়ী রাণী রাসমণি’,‘আলোছায়া’, জল থই থই ভালবাসা'র মতো একের পর এক ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন ঈপ্সিতা।
২০২২ সালে বড় পর্দায় পা রাখেন ঈপ্সিতা, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির হাত ধরে। ঋষভ বসুর বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন ঈপ্সিতা।
মাঝে তিন বছরের বিরতি। ঈপ্সিতা ফের বড়পর্দায়। এবার তাঁকে দেখা যাবে অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে।
অন্যদিকে, আরও একবার ছোটপর্দায় ফিরছেন তিনি। তবে নতুন ধারাবাহিকের নায়িকা হয়ে নয়। পুরনো মেগায় পার্শ্ব চরিত্রে দেখা যাবে ইপ্সিতাকে। জানা যাচ্ছে, জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন তিনি। গল্পে তিনি নায়ক অর্থাৎ ধ্রুবর সহকর্মী। ধ্রুবর মতো তিনিও আইনজীবী। তবে তাঁর চরিত্রটি ধ্রুব ও জোনাকির মধ্যে দূরত্ব তৈরি করবে না। বরং ইতিবাচক চরিত্রেই দেখা যাবে অভিনেত্রীকে। আশা করাই যায় দুই পর্দায় একসঙ্গে সফল হবেন অভিনেত্রী।