উড়ো খবর এসেছিল বটে, তবে এমনটা যে সত্যিই বাস্তবে পরিণত হবে তা কল্পনাও করতে পারেননি কেউই। বিশেষত শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে 'হ্যাঁ' তে 'হ্যাঁ' মেলাবেন তা নিয়েও সংশয় ছিল ।

দেব-শুভশ্রী
শেষ আপডেট: 3 January 2026 22:43
দ্য ওয়াল ব্যুরো: দশ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন দেব এবং শুভশ্রী (Dev-Subhashree new film)। শেষবার 'ধুমকেতু'তে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ছবির শুটিং শেষ হয়েছিল ২০১৫-তে। নানা জটিলতায় ছবি মুক্তি পেতে দশ বছর লেগে যায়। এই সময়কালে তাঁরা মুখোমুখি হননি। তবে 'ধুমকেতু'র (Dhumketu) প্রচারে একমঞ্চে হাজির হন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। কয়েকমাস যেতেই নতুন বছর দর্শকদের জন্য বড় ঘোষণা করলেন দেব। এই বছর পুজোতেই আসছে 'দেশু'-র (DeShu) নতুন ছবি।
এই ঘোষণার পরিদিনই সাংবাদিকদের মুখোমুখি হন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সেখানে তাঁকে 'দেশু'র আগামী ছবি নিয়ে প্রশ্ন করা হলে জানান, এখনই কিছু বলবেন না। একটু সময়ের অপেক্ষা, এরপর আরও বড় বড় চমক আসছে।
'এক বছরের মধ্যে দেশুকে আবার দেখা যাবে,' দ্য ওয়ালের এই প্রশ্নে অভিনেত্রী বলেন, "তোমরা যেমন খুশি, আমিও খুশি।"
উড়ো খবর এসেছিল বটে, তবে এমনটা যে সত্যিই বাস্তবে পরিণত হবে তা কল্পনাও করতে পারেননি কেউই। বিশেষত শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে 'হ্যাঁ' তে 'হ্যাঁ' মেলাবেন তা নিয়েও সংশয় ছিল । তবে অবশেষে সবটা হল! ভক্তদের চোখে জল! এমনটাই তো চেয়েছিলেন তাঁরা। 'দেশু' ফিরছে আবারও। 'ধূমকেতু'র পর আবারও বড় পর্দায় আসছেন দেব-শুভশ্রী জুটি। আগামী পুজোতেই মুক্তি পাবে এই ছবি। প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস।
তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, দীর্ঘদিন কথা বলেননি তাঁরা। 'ধূমকেতু'র প্রচারের সময় সেই অভিমান ভুলে ফের এক হলেও ইনোসেন্স-বিতর্কে দগ্ধ হয়েছিলেন দু'জনেই। কথা বন্ধ ছিল। কিন্তু দিনের শেষে জিতে যায় পেশাদারিত্ব। জিতে যায় বাংলা ছবির পাশে থাকার অঙ্গীকার। ফিরছেন তাঁরা ৭ নম্বর ছবি নিয়ে। নাম এখনও ঠিক হয়নি।
তাঁদের বিচ্ছেদ হয়েছে বহু বছর। বহু বছর তাঁরা কথা বলেননি। তবে দেব-শুভশ্রী জুটির উন্মাদনা যে ভক্তদের মধ্যে এখনও বিপুল পরিমাণে রয়েছে সে প্রমাণ নজরুল মঞ্চেই পাওয়া গিয়েছিল।
দেব-শুভশ্রী মানেই শুধু দুই টলিপাড়ার হিট জুটি নয়, একটা সময়ের আবেগ। কলেজ প্রেম, চুপচাপ চোখাচোখি, বৃষ্টিভেজা গান- সব মিলিয়ে এই জুটির ছবি মানেই ছিল প্রেমের অন্যরকম সংজ্ঞা। তারপর সময়ের সঙ্গে বদলেছে পথ। দু’জনেই নিজেদের কেরিয়ারে আলাদা জায়গা তৈরি করেছেন। দীর্ঘ সময় একসঙ্গে কাজ না করলেও দর্শকের মনে তাঁদের জুটি কখনওই পুরনো হয়নি। ফিকে হয়নি তাঁদের রোম্যান্স। অবশেষে পর্দায় আরও একবার স্বপ্ন যাপনের পালা।