সচিন এক মহিলাকে তাঁর মিউজিক অ্যালবামে সুযোগ ও বিয়ের প্রস্তাব দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শেষ আপডেট: 24 October 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক সচিন সংভী (Sachin Sanghvi)। ‘স্ত্রী ২’, ‘ভেড়িয়া’র মতো একাধিক ছবিতে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। বলিউডের জনপ্রিয় সুরকার জুটি সচিব-জিগরের (Sachin-Jigar composer duo) একজন এই সচিন - এবার তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।
পুলিশ জানিয়েছে, সচিন এক মহিলাকে তাঁর মিউজিক অ্যালবামে সুযোগ ও বিয়ের প্রস্তাব দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গ্রেফতার হন সচিন, বেশ কিছু ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর নামে। অভিযোগকারিনীর বয়স ২০-এর কোঠায়। পুলিশকে জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সচিনের সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেন।
পুলিশ জানিয়েছে, পরে তাঁরা একে অপরের ফোন নম্বর নেন। এরপর একদিন মহিলাকে তাঁর স্টুডিওতে ডাকেন, বিয়ের প্রস্তাবও দেন। একাধিকবার সচিনের কাছে যৌন হেনস্তার শিকার হতে হয়েছে ওই মহিলাকে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। মহিলা পরে সাহস করে পুলিশে অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে সচিনকে গ্রেফতার করা হয়।
অভিযোগকারিনীর বয়ান রেকর্ড করা হয়েছে এবং অভিযোগের প্রমাণ যাচাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।