নয়াদিল্লির এক বিয়েবাড়িতে একমঞ্চে নাচলেন শাহরুখ ও সলমন। ‘ও ওহ জানে জানা’ গানে দুই তারকার জুটি দেখে মুগ্ধ অতিথিরা।

শাহরুখ ও সলমন
শেষ আপডেট: 19 November 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: একজন বলিউডের বাদশা, আর একজন বলিউডের ভাইজান। কথা হচ্ছে শাহরুখ খান ও সলমন খানের। গত দুই দশকের বেশি সময় ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করে আসছেন। তাই যখনই এই দুই সুপারস্টার একই ফ্রেমে ধরা দেন, দর্শকদের উত্তেজনা স্বাভাবিকভাবেই তুঙ্গে পৌঁছয়। ঠিক তেমনই এক মুহূর্ত ধরা পড়ল সম্প্রতি নয়াদিল্লির এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের অনুষ্ঠানে, যেখানে দুই তারকাকে পাশাপাশি একই মঞ্চে নাচতে দেখা গেল।
প্রথমে শাহরুখ খান মঞ্চে উঠে নিজের একটি জনপ্রিয় গানে পারফর্ম করেন। স্বভাবসিদ্ধ ক্যারিশমায় ভরপুর সেই মুহূর্তে তিনি দর্শকদের মন জয় করে নেন। এর পর মঞ্চে যোগ দেন সলমন খান। শুরু হয় সলমনের আইকনিক গান ‘ও ওহ জানে জানা’। প্রথমে সলমনের স্টেপ অনুসরণ করলেও মুহূর্তের মধ্যেই তাল মিলিয়ে নাচতে শুরু করেন শাহরুখ। দুই তারকার এমন রসায়ন ও জুটি দেখে অতিথিদের উচ্ছ্বাস চরমে পৌঁছে যায়।
এর মাত্র এক মাস আগে সৌদি আরবের জয় ফোরামের ‘East to West: The Global Rise of Bollywood’ প্যানেল আলোচনায় শাহরুখ, সালমান এবং আমির খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানেই তিন সুপারস্টার একসঙ্গে কোনও ছবি করার সম্ভাবনার ইঙ্গিত দেন। শাহরুখ বলেন, আমির ও সলমনের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো হবে। হাসতে হাসতেই বলেন, “আশা করি সেটি দুঃস্বপ্নে পরিণত হবে না!”
কাজের ক্ষেত্রে সলমন খান ব্যস্ত অপুর্ব লাখিয়ার পরিচালিত ‘Battle of Galwan’ ছবির শুটিংয়ে। ২০২০ সালের ভারত–চিন সংঘর্ষের পটভূমিতে নির্মিত এই ছবিতে চিত্রাঙ্গদা সিংও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। অন্যদিকে শাহরুখ এখন ব্যস্ত সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘King’-এ। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল এবং জয়দীপ আহলাওয়াত।