বাংলা ছবির জগতে রহস্য আর ইতিহাসে বারবার চমকে দিয়েছেন তিনি। এ বার সেই রহস্যযাত্রা পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক পরিসরে।

স্যর আর্থার কোনান ডয়েলকে নিয়ে ইংরেজি ছবি করছেন সৃজিত
শেষ আপডেট: 28 October 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: শৈশবে ঘরের কোণে মৃদু আলোয় হাতে শার্লক হোমসের (Sherlock Holmes) গল্পের বই। পাতার পর পাতা উলটে হারিয়ে যাওয়া এক বিস্ময়কর জগতে— যেখানে রহস্য মিশেছে বুদ্ধির তীক্ষ্ণতায়। সেই গল্পই এক কিশোরের মনে জাগিয়ে তুলেছিল গল্প বলার প্রথম স্বপ্ন। বহু বছর পর সেই স্বপ্নই ফিরছে এক নতুন রূপে।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন এক এমন ছবির জন্য, যা তাঁর শৈশবের প্রিয় লেখককে ঘিরে। ছবির নাম— Elementary, My Dear Holmes। ২০২৭ সালে শুরু হবে এই ব্রিটিশ–ভারতীয় যৌথ প্রযোজনার শুটিং।
এই ছবিতে উঠে আসবে স্যর আর্থার কোনান ডয়েলের (Arthur Conan Doyle) বহুমুখী জীবন— লেখক, চিকিৎসক, মানবতাবাদ, সবকটি দিক একসঙ্গে। সঙ্গে থাকবে তাঁর অমর সৃষ্টি, শার্লক হোমসের ছায়া, যা আজও জনপ্রিয় সংস্কৃতির অন্যতম স্তম্ভ।
গল্পের বিন্যাসেও থাকছে অভিনব ছোঁয়া। বাস্তব জীবনের ডয়েল এবং তাঁর কল্পিত চরিত্র হোমস একসূত্রে গাঁথা হবে ন্যায়বিচার, সত্যের অনুসন্ধান আর মানবিকতার গল্পে। পরিচালকের কথায়, এই ছবি কেবল জীবনী নয়— এটি একটি সংলাপ, যেখানে বর্তমানের সৃজিত কথা বলছেন তাঁর শৈশবের সেই কিশোরের সঙ্গে, যে একদিন হোমসের পাতায় খুঁজে পেয়েছিল কল্পনার জাদু।

'Elementary, My Dear Holmes' তাই কেবল এক মহান লেখকের জীবনের গল্প নয়, এটি এক সময়ের সেতুবন্ধন — যেখানে সাহিত্য, বাস্তব আর সিনেমা মিলেমিশে তৈরি করবে এক নতুন রহস্যময় জগত।
বাংলা ছবির জগতে রহস্য আর ইতিহাসে বারবার চমকে দিয়েছেন তিনি। এ বার সেই রহস্যযাত্রা পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক পরিসরে। বাংলা সিনেমার অন্যতম সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার হলিউডে। তাঁর নতুন ইংরেজি ছবিতে তিনি থাকছেন পরিচালক এবং সহ-প্রযোজক— দুই ভূমিকাতেই। এই ব্রিটিশ–ভারতীয় যৌথ প্রযোজনায় সৃজিতের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট প্রোডাকশনস’-এর সঙ্গে যুক্ত হয়েছে প্রযোজক শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’।
রহস্য, বুদ্ধি আর মানবিকতার সূক্ষ্ম সুরে বোনা এই ছবিতে সৃজিত আবারও ফিরে যাচ্ছেন তাঁর প্রিয় জগতে— যেখানে কল্পনা আর বাস্তব মিলেমিশে তৈরি করে এক নতুন গল্প।
ঘোষণার মুহূর্তে উপস্থিত ছিলেন ব্রিটিশ চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিএফআই (ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট)-এর বোর্ড অব গভর্নর্স সদস্য মণিকা চাড্ডা, আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাগনিয়েস্কা মুডি, এবং আর্কাইভ বিভাগের প্রধান আরিকে ওকে উপস্থিত ছিলেন এই বিশেষ আয়োজনে। ছিলেন আরও ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন ও বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার-কিয়ান।