দুর্ঘটনার পরের দিন সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে নিজের শারীরিক অবস্থার খবর নিজেই জানান শ্রীজাত। তিনি লিখেছেন, এখন তিনি অনেকটাই ভালো আছেন এবং বাড়িতেই বিশ্রামে রয়েছেন। যদিও পেশিতে কিছুটা চোট লেগেছে, তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রাম নেওয়া জরুরি।

শেষ আপডেট: 11 March 2026 17:05
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পথ দুর্ঘটনার পর আপাতত সুস্থ আছেন কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandopadhyay)। মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। জানা গিয়েছে, সাঁতরাগাছি (Santragachi)-র কাছে মাঝরাস্তায় পিছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িকে ধাক্কা মারে। ধাক্কায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনও বিপদ ঘটেনি। প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে বাড়িতেই চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পরের দিন সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে নিজের শারীরিক অবস্থার খবর নিজেই জানান শ্রীজাত। তিনি লিখেছেন, এখন তিনি অনেকটাই ভালো আছেন এবং বাড়িতেই বিশ্রামে রয়েছেন। যদিও পেশিতে কিছুটা চোট লেগেছে, তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রাম নেওয়া জরুরি।
তিনি আরও জানান, দুর্ঘটনায় তাঁর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি এবং গাড়ির চালক—দু’জনেই সুস্থ আছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বহু বন্ধু, পরিচিত ও শুভানুধ্যায়ী তাঁর খোঁজ নিয়েছেন বলেও উল্লেখ করেছেন শ্রীজাত। সবার শুভেচ্ছা ও উদ্বেগ তাঁকে এই সময়ে মানসিকভাবে শক্তি জুগিয়েছে বলে জানান তিনি। পাশাপাশি শত ব্যস্ততার মধ্যেও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র প্রতিও কৃতজ্ঞতা জানান কবি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত কয়েকদিন বাড়িতেই থাকতে হবে বলে জানিয়েছেন শ্রীজাত। ফলে আগে থেকে নির্ধারিত কিছু অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকা সম্ভব হবে না বলেও তিনি দুঃখ প্রকাশ করেছেন।