দ্বিতীয় সন্তানকে হারানোর তিন বছর পর ফের বাবা হলেন ‘তেরি মিট্টি’ খ্যাত গায়ক বী প্রাক।

বী প্রাক
শেষ আপডেট: 20 December 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫-এর শেষে ভক্তদের দারুণ এক সুখবর দিলেন বী প্রাক। ১ ডিসেম্বর তাঁর ও মীরা বচ্চনের কোল আলো করে এসেছে এক শিশুপুত্র। সামাজিক মাধ্যমে ভগবান কৃষ্ণের একটি ছবি শেয়ার করে গায়ক নিজেই এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন।
বী প্রাক জানিয়েছেন, তাঁদের ছোট ছেলের নাম রাখা হয়েছে ‘দ্বিজ’। বাবা হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, “১ ডিসেম্বর পুত্রসন্তানের বাবা হয়েছি। সবই ঈশ্বরের আশীর্বাদ। আপনারা প্রার্থনা করবেন যেন আমাদের জীবনের এই নতুন অধ্যায় খুব শুভ হয়।”
বী প্রাক ও মীরার এই খুশির পেছনে রয়েছে এক যন্ত্রণাদায়ক অতীত। ২০২০ সালে বিয়ের পর তাঁদের প্রথম সন্তান ‘আদাব’-এর জন্ম হয়। এরপর ২০২২ সালে দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তাঁরা। কিন্তু জন্মের কয়েক দিনের মধ্যেই সেই নবজাতককে হারিয়ে ফেলেন দম্পতি। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গায়ক, দীর্ঘদিন কাজ থেকেও দূরে ছিলেন তিনি। এবার তৃতীয় সন্তানের আগমনে সেই পুরোনো শোক কিছুটা হলেও লাঘব হলো।
পাঞ্জাবি ও বলিউড সঙ্গীত দুনিয়ায় বী প্রাক অত্যন্ত পরিচিত নাম। ‘তেরি মিট্টি’, ‘মানা দিল’, ‘রাঞ্ঝা’ এবং সাম্প্রতিক সময়ের ব্লকবাস্টার ‘সারি দুনিয়া জ্বলা দেঙ্গে’-র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে প্রিয় গায়কের এই খুশির খবরে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী ও সহকর্মীরা।