‘ধুরন্ধর’-এ রহমান ডাকাত চরিত্রে অক্ষয় খান্নার দাপটে বক্স অফিসে ঝড়। এই সাফল্যে কি হিংসা করছেন মাধবন?

আর মাধবন ও অক্ষয় খান্না
শেষ আপডেট: 20 December 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: আইনি জটিলতা ও বিতর্কের আবহ পেরিয়ে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই যেন থামার নাম নেই ছবির। দেশ তো বটেই, বিদেশেও ‘ধুরন্ধর’-এর (Dhurandhar) দাপট স্পষ্ট। বক্স অফিসের হিসেব বলছে, ২০২৫ সালের আয়ের নিরিখে ইতিমধ্যেই একাধিক মাইলফলক ছুঁয়ে ফেলেছে এই ছবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’, হৃতিক রোশনের ‘ওয়ার’ সব ক’টিকেই পিছনে ফেলে দিয়েছে ‘ধুরন্ধর’। এমনকি ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর রেকর্ডও ভেঙে চুরমার করেছে এই সিনেমা।
ফিল্ম বিশেষজ্ঞদের মতে, দক্ষিণী ছবির রমরমা বাজারে এই সাফল্য বলিউডের তরফে এক শক্ত জবাব। বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ঝড় এখনও অব্যাহত। হাজার কোটির ক্লাবে ঢোকা এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ছবির প্রায় সমস্ত অভিনয়শিল্পীই প্রশংসা কুড়িয়েছেন, তবে আলাদা করে নজর কেড়েছেন অক্ষয় খান্না। রহমান ডাকাত চরিত্রে তাঁর অভিনয় কার্যত ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। অনেকের মতে, নায়ক রণবীর সিংয়ের সঙ্গেও স্ক্রিন ভাগ করার সময় অক্ষয়ের উপস্থিতি এতটাই প্রবল যে রণবীরকে কিছুটা ফিকে লাগছে।
এই আবহেই টিনসেল টাউনে গুঞ্জন ছড়ায়, অক্ষয়ের এই সাফল্যে কি কোথাও হিংসা করছেন মাধবন? ছবিতে দক্ষিঅজয় সান্যাল চরিত্রে স্বল্প উপস্থিতিতেই যাঁকে দাগ কাটতে দেখা গিয়েছে। কিন্তু সেই প্রশ্নে স্পষ্ট ও সরল জবাব দিয়েছেন মাধবন নিজেই। তাঁর কথায়, “একেবারেই না। অক্ষয়ের জন্য খুশি না হওয়ার কোনও কারণ নেই। ও যে প্রশংসা পাচ্ছে, তার প্রতিটাই ওর প্রাপ্য।”
অক্ষয় খান্নাকে ‘অত্যন্ত প্রতিভাবান এবং মাটির কাছাকাছি থাকা’ অভিনেতা হিসেবেই বর্ণনা করেছেন মাধবন। আরও বলেন, “ও চাইলেই এখন হাজারটা সাক্ষাৎকার দিতে পারত। কিন্তু সেসবের বদলে নিজের নতুন বাড়িতে বসে নীরবতাকে উপভোগ করছে। এটা ও বহু বছর ধরেই করে এসেছে।”