পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবন ও ২২৫টিরও বেশি ছবিতে অভিনয়ের স্মৃতি রেখে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা-পরিচালক শ্রীনিবাসন।

অভিনেতা-পরিচালক শ্রীনিবাসন
শেষ আপডেট: 20 December 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দশকের কর্মজীবন আর ২২৫টিরও বেশি ছবিতে অভিনয়ের স্মৃতি রেখে চলে গেলেন শ্রীনিবাসন (Srinivasan)। এর্নাকুলামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রয়াণ ঘটে। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা এবং চিত্রনাট্য লেখার কাজেও তিনি ছিলেন সমান পারদর্শী (Srinivasan death)।
জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “সর্বকালের অন্যতম সেরা লেখক, পরিচালক এবং অভিনেতাকে বিদায়। আপনার অসাধারণ চিন্তাভাবনার জন্য ধন্যবাদ। শান্তিতে বিশ্রাম নিন।”
শ্রীনিবাসন মাট্টানুরের পিআরএনএসএস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর সিনেমার নেশায় চেন্নাইয়ের তামিলনাড়ু ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই গল্প বলা আর অভিনয়ের প্রতি তাঁর গভীর টান ছিল, যা পরবর্তীকালে তাঁকে বড় মাপের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।
সিনেমার পর্দায় শ্রীনিবাসনের অভিনয় মানেই ছিল বাস্তব জীবনের ছায়া। তিনি এমন চরিত্র বেছে নিতেন, যাদের সঙ্গে সাধারণ মানুষ সহজেই নিজেকে মিলিয়ে নিতে পারত। সমাজের নানা অসঙ্গতি, ভণ্ডামি বা তিক্ত সত্য তিনি নিজের অভিনয়ের মাধ্যমে ব্যঙ্গের ভঙ্গিতে তুলে ধরতেন, কিন্তু সেই ব্যঙ্গ কখনও অতিরঞ্জিত লাগত না। হাসির আড়ালেও থাকত গভীর বার্তা। ফলে তাঁর চরিত্র শুধু বিনোদন দিত না, দর্শকদের ভাবতেও বাধ্য করত। এই কারণেই তাঁর অভিনীত প্রায় প্রতিটি চরিত্র আজও মানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে।