রাকেশ বেদি স্পষ্ট করে বলেন, সারা অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই পারিবারিক ও সম্মানজনক - চিত্রনাট্যের ভিতরে যেমন, বাস্তব জীবনেও তেমনই।

শেষ আপডেট: 20 December 2025 00:07
দ্য ওয়াল ব্যুরো: ছবির ট্রেলার লঞ্চে বয়সে অনেক ছোট সহ-অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে আচরণ নিয়ে বিতর্কে সম্প্রতি জড়িয়েছেন প্রবীণ অভিনেতা রাকেশ বেদি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে অভিযোগ ওঠে, ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বেদি নাকি সহ-অভিনেত্রী সারা অর্জুনকে অনুচিত ভাবে স্পর্শ বা চুম্বন করেছিলেন। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন অভিনেতা।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে রাকেশ বেদি অভিনয় করেছেন পাকিস্তানি রাজনীতিবিদ জামিল জামালি-র চরিত্রে। ছবিতে সারা অর্জুন তাঁর মেয়ের ভূমিকায়। ছবিটি তাঁকে যেমন অভিনয়ের জন্য নতুন করে আলোচনায় এনেছে, তেমনই এই বিতর্কও তাঁকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু করেছে।
কী নিয়ে বিতর্ক?
ঘটনাটি ঘটেছে চলতি বছরের নভেম্বর মাসে মুম্বইয়ে ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চে। অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, মঞ্চে রাকেশ বেদি নাকি সারা অর্জুনের কাঁধে চুম্বন করেছেন। ভিডিও ঘিরে শুরু হয় বিতর্ক ও সমালোচনা।
এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ৭১ বছরের অভিনেতা অভিযোগগুলিকে সাফ উড়িয়ে দেন। তাঁর কথায়, এ সব দাবি একেবারেই “স্টুপিড”।
‘ওটা স্নেহ, কু-দৃষ্টি নয়’, বলছেন রাকেশ বেদি
রাকেশ বেদি স্পষ্ট করে বলেন, সারা অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই পারিবারিক ও সম্মানজনক - চিত্রনাট্যের ভিতরে যেমন, বাস্তব জীবনেও তেমনই।
তিনি বলেন, “সারা আমার অর্ধেক বয়সেরও কম এবং ছবিতে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। শুটিংয়ের সময় যখনই দেখা হত, ও ঠিক বাবার সঙ্গে মেয়ের মতো আমাকে জড়িয়ে ধরত। আমাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া আর সৌহার্দ্য রয়েছে, যা পর্দাতেও ধরা পড়েছে। ওই দিনও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মানুষ সেখানে স্নেহটা দেখছে না। একজন বয়স্ক মানুষের এক তরুণীর প্রতি স্নেহ। দেখার সেই চোখে যদি গন্ডগোল থাকে, তা হলে আমি কী করতে পারি?”
‘মঞ্চে প্রকাশ্যে কেন এমন কিছু করব?’
বিতর্কের যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা। তিনি জানান, অনুষ্ঠানে সারা অর্জুনের বাবা-মাও উপস্থিত ছিলেন।
বেদির কথায়, “সারা’র বাবা-মা সেখানে ছিলেন। মঞ্চে প্রকাশ্যে আমি কেন কোনও কু-উদ্দেশ্যে ওকে চুম্বন করব? মানুষ এসব বলে পাগলামি করছে। সোশ্যাল মিডিয়ায় অকারণে একটা ইস্যু তৈরি করতেই এসব করা হচ্ছে।”
নিজের কাজই তাঁর জবাব, বলছেন রাকেশ বেদি
এই প্রসঙ্গে নিজের দীর্ঘ অভিনয়জীবনের কথাও তুলে ধরেন রাকেশ বেদি। তাঁর দাবি, নিজের সাফাই দেওয়ার প্রয়োজনই নেই, তাঁর কাজই তাঁর হয়ে কথা বলে।
তিনি বলেন, “আমি নিজেকে রক্ষা করছি না। আমার দীর্ঘ অভিনয়জীবন, আমার কাজ, যা মানুষের হৃদয় ছুঁয়েছে, সেটাই আমার হয়ে কথা বলছে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়েছিলাম। সেখানে এক মহিলা এসে বললেন, তাঁর ছেলে শারীরিক ও মানসিক ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন, কিন্তু সে আমার কাজ খুব ভালবাসে এবং বুঝতে পারে। আমার কাছে সেটাই সবচেয়ে বড় স্বীকৃতি।”
বক্স অফিসে দাপট ‘ধুরন্ধর’-এর
সব বিতর্কের মধ্যেও বক্স অফিসে দারুণ ফল করছে ‘ধুরন্ধর’। ছবিটি ইতিমধ্যেই ভারতে প্রায় ৫০০ কোটি টাকা নেট আয়ের মাইলস্টোনের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, রাকেশ বেদি, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, রণবীর সিং, সৌম্যা টন্ডন, ড্যানিশ পান্ডোর এবং সারা অর্জুন। তীব্র ও সিরিয়াস কাহিনির মধ্যে রাকেশ বেদির কমিক রিলিফ দর্শক ও সমালোচক, দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে।